নগরীর চান্দগাঁও এলাকায় প্রবাসীর কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবির একটি মামলায় এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে আদালত। তার নাম মঞ্জুরুল হক। তিনি চান্দগাঁওয়ের মৌলভী পুকুর পাড় এলাকার বাসিন্দা।
গতকাল সোমবার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল মনছুরের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশটি দেন। এর আগে আত্মসমর্পণ করে জামিন চেয়ে মঞ্জুরুল হক আবেদন করলে ম্যাজিস্ট্রেট তা নাকচ করে দেন।
বাদীর আইনজীবী কফিল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, নগরীর মৌলভী পুকুর পাড় এলাকার মঞ্জুরুল হকের বিরুদ্ধে ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর আমার মক্কেল কুয়েত প্রবাসী আজাদ হোসেন চান্দগাঁও থানায় মামলাটি দায়ের করেন। আমার মক্কেল ৩১ বছর ধরে প্রবাসী। তিনি প্রবাসে থাকা অবস্থায় তার মালিকানাধীন আজাদ কলোনি এলাকার চিহ্নিত ভূমিদস্যু মঞ্জুরুল হকের নেতৃত্বে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর ২০ লাখ টাকা চাঁদা দাবির এ ঘটনা ঘটে। দীর্ঘ তদন্তের পর চলতি বছরের ২৪ জানুয়ারি মঞ্জুরুল হকের বিরুদ্ধে পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করে।












