মাদরাসা শিক্ষাব্যবস্থাকে টেকসই ও যুগোপযোগী করতে চাই

পটিয়ার জিরি মাদ্রাসায় সমাজকল্যাণমন্ত্রী

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৩১ অক্টোবর, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেছেন, তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের সরকার মাদরাসা শিক্ষার উন্নয়নে বদ্ধ পরিকর। অতীতে মাদরাসা শিক্ষার উন্নয়নে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ গ্রহণ না করায় এ শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছিল। আমরা মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে টেকসই ও যুগোপযোগী করার মাধ্যমে আলেম সমাজকে মর্যাদার আসনে অভিষিক্ত করতে চাই।

তিনি গতকাল শুক্রবার দুপুরে পটিয়া উপজেলার জিরি আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসার ২ দিনব্যাপী বার্ষিক সভার ২য় দিনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বলেন, সরকার প্রতি মাসে লক্ষ লক্ষ পিতৃ মাতৃহীন শিক্ষার্থীদের ভরণ পোষণের নিমিত্তে কোটি কোটি টাকা ব্যয় করছে। তারই ধারাবাহিকতায় এ শিক্ষার প্রসারের নিমিত্তে ক্যাপিটেশন গ্রান্ট সরকার আরো ১ লাখ শিক্ষার্থী অন্তর্ভুক্ত করবে। এ ক্ষেত্রে তিনি এ মাদরাসাকে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন।

মাদরাসার মুহতামিম আল্লামা মোহাম্মদ খোবাইব বিন তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন হেফাজত ইসলামে চেয়ারম্যান আল্লামা জুনায়েদ বাবুনগরী। বিশেষ অতিথি ছিলেন আল্লামা মুস্তাকুন্নবী কাসেমী, আল আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক আহমদুল হক আহমদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, সামশুল আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধখাল নালা হয়ে কালো বিষাক্ত শিল্পবর্জ্য পড়ছে হালদায়