চট্টগ্রামের পটিয়া উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চারটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) নগরীর জেলা পুলিশ সুপারের কার্যালয় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং এসব তথ্য নিশ্চিত করে পুলিশ সুপার মোঃ মাসুদ আলম।
চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার মো. মাসুদ আলমের সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, দুর্গম পাহাড়ি পথ ও প্রতিকূল পরিবেশের মধ্যেও অভিযান পরিচালনা করে দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কেলিশহর ইউনিয়নের ইন্নারপাড়া এলাকার বাসিন্দা মো. দেলোয়ার হোসেন (৫৪) ও মো. মহসিন (৩৩)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিকেলে ইন্নারপাড়া এলাকায় দেলোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে ছয়টি কিরিচ, পাঁচটি রামদা, একটি দামাদা, একটি লোহা কাটার ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে একই এলাকার ছাতিভাঙ্গা আফছারের গাছবাগান এলাকায় অভিযান চালিয়ে লুকিয়ে রাখা দুটি একনলা বন্দুক ও দুটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র বিভিন্ন সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।
চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। জেলার দুর্গম পাহাড়ি এলাকাসহ বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ ঘটনায় জড়িত অন্য সহযোগীদের শনাক্ত, অস্ত্রের উৎস উদ্ঘাটন এবং সম্ভাব্য সন্ত্রাসী চক্রকে আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে পুলিশ।











