চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকৃত নগদ টাকা ও একটি স্মার্টফোনসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানা পুলিশ।
শনিবার (২৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত পৌনে ৪টার দিকে বাকলিয়া থানার রাজাখালী এলাকায় জিরাত ফ্যাশনের সামনে বহদ্দারহাটগামী মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় তৌহিদুল ইসলাম ওরফে লতিফ (২৯) ও মো. কামাল হোসেনকে (৩৭) গ্রেফতার করা হয়।
অভিযানের সময় তাঁদের কাছ থেকে ছিনতাইকৃত নগদ ১০ হাজার টাকা এবং একটি স্যামসাং গ্যালাক্সি এফ১৩ স্মার্টফোন উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ওসি জাহেদুল ইসলাম জানান, গ্রেফতার তৌহিদুল ইসলাম ১১টি মামলার আসামি। তাঁর বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।












