নরসিংদীতে দুই দল লোকের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই জন গুলিবিদ্ধ হওয়ার তথ্য দিয়েছে স্থানীয় লোকজন ও পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় নরসিংদী পৌর শহরের চৌয়ালা মহল্লায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুই জন হলেন– চৌয়ালা এলাকার বিল্লাহ হোসেন (৩৮) ও ইয়াসিন মিয়া (৩৫)। তাদের নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর বিডিনিউজের।
স্থানীয় লোকজন বলছেন, দীর্ঘদিন ধরেই চৌয়ালা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষ সক্রিয় রয়েছে। তাদের মধ্যে গোলাগুলিতে এক পক্ষের দুই সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এ ঘটনায় আহতদের স্বজনদের বক্তব্য পাওয়া যায়নি। দুই জন গুলিবিদ্ধ হওয়ার তথ্য দিয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান বলেছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন অভিযোগে ১০/১৫টি করে মামলা রয়েছে। তিনি বলেন, আজ (গতকাল) সন্ধ্যায় তারা প্রতিপক্ষের গুলিতে আহত হয়। তবে কারা এর সাথে জড়িত আছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।












