বাংলাদেশ বার কাউন্সিলের নবগঠিত অ্যাড–হক কমিটিতে স্থান পেয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. নাজিম উদ্দিন চৌধুরী। গত ৩০ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা–৪ এর সচিব লিয়াকত আলী মোল্লার সাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ অ্যাড–হক বার কাউন্সিল গঠন করা হয়।
বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ এর ক্ষমতাবলে এই কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে বলা হয়, ১৫ সদস্যের নতুন অ্যাড–হক বার কাউন্সিল চেয়ারম্যান থাকবেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। কমিটির অন্য সদস্যরা হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী জয়নুল আবেদীন, বদরুদ্দোজা বাদল, মাসুদ আহমেদ তালুকদার, জসীম উদদীন সরকার, এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন, রাগীব রউফ চৌধুরী, নাসির উদ্দিন অসীম, সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, মোহাম্মদ হোসেন লিপু এবং মোহাম্মদ শিশির মনির। এছাড়া জেলা আইনজীবী সমিতিগুলোর মধ্যে চট্টগ্রামের আইনজীবী মো. নাজিম উদ্দিন চৌধুরী, বগুড়ার আলী আসগর, ঢাকার সৈয়দ নজরুল ইসলাম এবং সুপ্রিম কোর্টের মাহফুজুর রহমান মিলন এতে স্থান পেয়েছেন। এ অ্যাডহক বার কাউন্সিল ১ জুলাই থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত এক বছর মেয়াদে কার্যকর থাকবে এবং ওই আদেশের অধীনে ক্ষমতা প্রয়োগ ও কার্যাবলি সম্পাদন করবে। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।












