পোর্ট সিটি ইউনিভার্সিটি (পিসিআইইউ) ও ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ বাংলাদেশের (এনবিইআর) যৌথ উদ্যোগে গত ২৯ জুন বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘পিসিআইইউ– এনবিইআর প্রজেক্ট ফেয়ার অ্যান্ড বিজনেস আইডিয়া কনটেস্ট ’ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন এনবিইআরএর চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ। উদ্বোধন এবং পুরস্কার বিতরণী পর্বে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। প্রধান অতিথি বলেন, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) গুরুত্ব প্রতিনিয়ত বাড়ছে। ভবিষ্যতের কর্মক্ষেত্র এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের এআই সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি এর ব্যবহারিক দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর এই যুগে উদ্ভাবনী চিন্তা, গবেষণামনস্কতা এবং সৃজনশীলতার সমন্বয়ই শিক্ষার্থীদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, পোর্ট সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে সম্পৃক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান, সমস্যা সমাধানের সক্ষমতা এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার সুযোগ সৃষ্টি করে। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৩৭টি দলের মধ্যে প্রথম স্থান অর্জন করে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ‘শ্রিম্প সেল বিডি’ প্রকল্প। দ্বিতীয় স্থান অর্জন করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘পিসিআইইউ স্টোর ম্যানেজমেন্ট’ প্রকল্প এবং তৃতীয় স্থান অর্জন করে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ‘ব্র্যান্ড স্পেস’ প্রকল্প। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের ১০ হাজার, ৮ হাজার ও ৬ হাজার টাকা প্রাইজমানি এবং সনদপত্র প্রদান করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনগণ বক্তব্য রাখেন। শেষপর্বে রেজিস্ট্রার ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।










