মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে থাকা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তার সাথে বাংলাদেশ সরকারের কোনো আলোচনা নেই বলে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। শেখ হাসিনাকে কীভাবে হস্তান্তর করা হবে, সেই আলোচনা কেবল ভারতের সঙ্গেই নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন তিনি। গতকাল সচিবালয়ে সরকারের বিভিন্ন অগ্রগতি ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলছিলেন জাহেদ। এছাড়া নড়াইলের কালিয়ার সহিংসতা নিয়ে ভারতে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন। খবর বিডিনিউজের।
তথ্য উপদেষ্টা বলেন, বিচার প্রক্রিয়া শেষ হয়ে শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেয়েছেন। উনার বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ না। সুতরাং শেখ হাসিনা আসবেন কি আসবেন না, তিনি বাংলাদেশ বিমানে আসবেন না ওদের বিমানে আসবেন, না হেঁটে বাংলাদেশে আসবেন, কীভাবে হস্তান্তর হবে–এই আলোচনা ভারতের সঙ্গে নির্ধারিত হবে। বাংলাদেশ বিমানে করে শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্য উপদেষ্টা রসিকতার সুরে বলেন, শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসতে চান। ভাগ্যিস উনি এসে বলছেন না আসার পর উনাকে প্রাইম মিনিস্টার হিসেবে এখানে দায়িত্ব দিতে হবে। আমি দেখেছি ভারতের কেউ কেউ বলেন যে, উনি নাকি এখনো প্রাইম মিনিস্টার। আমরা দাওয়াত কার্ড পাঠিয়ে রাখি, উনি তাও চান কি না জানি না।
জাহেদ বলেন, আমরা যেভাবে তাকে চাই সেভাবেই চাই। এখন সেটা বাংলাদেশ বিমানে না অন্য কিছুতে আসবেন, আমরা চাই তাকে আমাদের কাছে প্রত্যর্পণ করা হবে। একটা মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত একজন মানুষ, তিনি মৃত্যুদণ্ড পেয়েছেন। তিনি যেখানে পালিয়ে আছেন, সেই রাষ্ট্রের কাছে আমাদের আবেদন জানিয়েছি তাকে যেন আমাদের কাছে হস্তান্তর করা হয়। আর যদি হস্তান্তর করা হয়, সেটা বাংলাদেশ বিমানে আমরা আনব না তিনি তাদের বিমানে আসবেন, সেটা আসলে পরবর্তীতে নির্ধারিত হবে।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে সরকারের সাথে কোনো যোগাযোগ হচ্ছে কি না, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হাসিনা বাংলাদেশে আসবেন কি আসবেন না, এই আলোচনা হাসিনার সাথে আমাদের না। এই আলোচনা আমাদের সাথে ইন্ডিয়ার, আমাদের একজন মারাত্মক জঘন্য ক্রিমিনাল তার সাঙ্গপাঙ্গসহ আপনার ওখানে আছেন, যাদের শুধু অ্যাকিউজড না, শেখ হাসিনা কনভিক্টেড। শেখ হাসিনার ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণাকে রাজনৈতিক কৌশল বলেও মন্তব্য করেছেন তিনি।
তার তথায়, তিনি মাঝখান থেকে দেখানোর চেষ্টা করছেন যে তিনি আসলে অনেক কিছু, তার সিদ্ধান্তে অনেক কিছু হচ্ছে। এটা আমরা আগেও বলেছি, ইটস আ ব্লাফ টু দ্য পলিটিক্যাল পিপল। তার যারা দল আছে, দলের লোকজন আছে, তাদেরকে তিনি এভাবেই দেখাতে চাইছেন। ভারতের পক্ষ থেকে প্রত্যর্পণ প্রক্রিয়ায় আইনি জটিলতার যে কথা বলা হতো, এখন আর সেই বাধা নেই বলে মনে করেন জাহেদ উর রহমান।
তিনি বলেন, ভারত প্রায়ই একটা কথা বলত যে, এটার সাথে আইনি ইস্যুজ আছে ইত্যাদি ইত্যাদি। আমি তো বলছি শেখ হাসিনাকে এঙট্রাডাইট করতে এখন আর কোনো প্রবলেম নাই, ইজন্ট ইট? শেখ হাসিনা যদি এভাবে বাংলাদেশে আসতে না চান, উনি হয়তো কোর্টে যাবেন। কোর্টে গিয়ে উনি নানান রকম কিছু বলার চেষ্টা করতে পারেন, তার আইনজীবীরা এটা সেটা করবেন। তো শেখ হাসিনা যদি আসতেই চান, তো উনার তো এখন আর কোর্টে যাওয়ার বা আইনি ঝামেলা থাকার কোনো কারণ আছে বলে মনে করি না। সো উনাকে প্রত্যর্পণ করে দিলেই হয়। উনি আসুক। এখন তো আমি আর আসলে কোনো সমস্যা দেখি না।
ভারত সরকার তাকে জোর করে পাঠাচ্ছে না উল্লেখ করে তিনি আরও বলেন, ভারত উনাকে জোর করে এঙট্রাডাইট করছে না। শেখ হাসিনা বলছেন আমি যেতে চাই এবং বাংলাদেশ চাইছে তাকে প্রত্যর্পণ করা হোক। দুটো মিলে গেল। সো ওভাবেই যদি আসে তাহলে তার এই দায় ওই সরকারের ওপরে পড়ছে না, এভাবে হতে পারে। সো এ কারণে আমি বলছি শেখ হাসিনার আসতে চাওয়ার কারণে প্রত্যর্পণে আসলে আর কোনো আইনি ব্যারিয়ার আছে বলেও মনে করি না। কারণ উনি তো আর এখন কোর্টে যাবেন না। কারণ উনি তো বাংলাদেশে আসতেই চান।
নড়াইলের ঘটনা নিয়ে ভারতে অপতথ্য ছড়ানো হচ্ছে : নড়াইলের কালিয়ার সহিংসতা নিয়ে ভারতে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তথ্য উপদেষ্টা। তবে সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের বাড়িঘরে হামলার ঘটনা সত্য জানিয়ে তিনি বলেছেন, প্রতিটি ঘটনাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে সরকার নিশ্চিতভাবেই ব্যবস্থা নেবে।












