দূরের টানে বাহির পানে

হাসান আকবর | বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ৮:০৩ পূর্বাহ্ণ

(পূর্ব প্রকাশিতের পর)

চমৎকার আবাসিক এলাকাটি পেছনে ফেলে সামনে এগুচ্ছিলাম আমরা। বন্ধুকন্যা উরবানা গাড়ি চালাচ্ছে, ফ্রন্ট সিটে আমি। পেছনে ড্রাইভার বসে আছেন। সীতাকুণ্ড থেকে নিয়ে যাওয়া এই ড্রাইভার এখনো হংকংয়ে গাড়ি চালানোর অনুমোদন পাননি। ভাবী তাকে ড্রাইভার বানানোর জোর চেষ্টা করছেন। মাত্র মিনিট কয়েকের মধ্যেই আমরা কাম শিয়ং রোড স্টেশনে পৌঁছে গেলাম। উরবানা গাড়ি পার্ক করলো, ড্রাইভার আমার লাগেজ নিয়ে নেমে আসলো। আমরা তিনজন যেখান থেকে এয়ারপোর্টের এ–৩৬ নম্বর বাস ছাড়বে সেখানে এসে দাঁড়ালাম। পিলারে সেঁটে রাখা টাইম টেবল দেখে উরবানা বললো, ৭ মিনিট পরে বাস আসবে। আমি উরবানাকে চলে যেতে বললাম। কিন্তু সে বাংলা ইংরেজি মিশিয়ে বললো, আমাকে বাসে তুলে দিয়ে তবেই তারা যাবে। আমরা অপেক্ষা করতে লাগলাম।

বন্ধু স্বপনকে ফোন করে বললাম, ৭ মিনিটি পরে বাস ছাড়বে। সে বললো, কোন সমস্যা নেই। আমি নির্দিষ্ট স্টপেজেই বাসে উঠবো।

সত্যি সত্যি ৭ মিনিট পরেই বাস এসে হাজির হলো। এয়ারপোর্ট এবং হংকং শহরের দিক থেকে আসা যাত্রীরা নেমে গেলেন। খালি বাসটি আবারো এয়ারপোর্টের দিকে মুখ করে দাঁড়ালো। ড্রাইভার আমার লাগেজটি তুলে দরোজার পাশে নির্দিষ্ট স্থানে রাখলো। উরবানা এবং ড্রাইভারের কাছ থেকে বিদায় নিয়ে বাসে চড়ে জানালার পাশে একটি সিট নিয়ে বসলাম। আমার পাশের সিটও খালি। সেটি বন্ধু স্বপনের জন্য রাখা যায় কিনা চিন্তা করছিলাম। অল্পক্ষণের মধ্যেই বাস চলতে শুরু করলো।

হংকংয়ে শুধু আকাশছোঁয়া অট্টালিকা, পাহাড় আর সমুদ্রের মাখামাখিই মুগ্ধ করে না, শহরটির পরিচ্ছন্ন রাস্তাঘাট, সুশৃঙ্খল গণপরিবহন, আধুনিক স্থাপনা এবং মানুষের নাগরিক শৃঙ্খলার প্রতিটি স্তর আমাকে বিমোহিত করে। শহরটিকে কাছ থেকে দেখতে গিয়ে বহু চমৎকার অভিজ্ঞতা আমার হয়েছে। গণপরিবহনে চড়ে বিমানবন্দরের পথে যাত্রা আমার সেই অভিজ্ঞতাকে আরো একবার শানিত করলো। আসলেই, পৃথিবীর সেরা গণপরিবহন ব্যবস্থার যে দাবি হংকং করে তা তারা সফলভাবে গড়ে তুলতে পেরেছে। ঘড়ির কাঁটা ধরে ট্রেন, মেট্রো, বাস ও ফেরির চলাচল ব্যস্ত এই নগরীর জনজীবনকে অনেক বেশি স্বাচ্ছন্দময় করেছে। ঘড়ির কাঁটার এমন ব্যবহার যারা শিখে গেছে তাদের দমিয়ে রাখা কঠিন বলেও আমার মনে হচ্ছিলো।

হংকংয়ের যে কোন স্টেশনে ঢুকতেই চোখে পড়ে পরিচ্ছন্ন পরিবেশ, যাত্রীদের সুশৃঙ্খল চলাচল, দিকনির্দেশনামূলক ডিজিটাল সাইনবোর্ড এবং সময় মেনে চলাচলের এক অপূর্ব ব্যবস্থা। কোথাও অযথা হুড়োহুড়ি নেই, নেই বিশৃঙ্খলা। প্রত্যেকেই যেন জানেন, কোথায় যেতে হবে এবং কীভাবে যেতে হবে। ট্রেন, মেট্রো, ফেরি কিংবা বাস–সব স্টেশনেই শৃংখলার এক অনন্য সৌন্দর্য চোখে পড়ে।

আমাদের বাস চলছে। লং উইন বাস পরিচালিত এই বাসটি স্টেশন এলাকা ছেড়ে এগিয়ে চলল। শুরুতে চোখে পড়ল কাম শিউং রোডের আশপাশের শান্ত আবাসিক এলাকা, সারি সারি বাড়িঘর, ছোট ছোট দোকান আর পাহাড়ঘেরা সবুজ প্রকৃতি। হংকং শহরের সেন্ট্রাল এরিয়ার মতো এখানে আকাশছোঁয়া ভবন নেই। প্রকৃতি ও পরিকল্পিত জনবসতির এক অন্যরকম সৌন্দর্য রয়েছে চারদিকে। বাস যত এগোতে থাকে, ততই বদলাতে থাকে দৃশ্যপট। ইউয়েন লং এলাকার দিকে যেতে চোখে পড়ে আধুনিক আবাসিক ভবন, শপিংমল, ব্যস্ত সড়ক আর নগরজীবনের তুমুল ব্যস্ততা। কোথাও উঁচু ভবনের সারি, কোথাও আবার খোলা প্রান্তর। আমার বন্ধু স্বপন বাসে চড়ে আমার কাঁধে হাত রাখলো। বিষয়টি সত্যিই বিস্মিত করেছে আমাকে। কিভাবে এভাবে ঘড়ির কাঁটার হিসেব করে একটি গণপরিবহনের বাসে বন্ধুকে পাওয়া যায় বুঝতে পারছিলাম না। এতোক্ষণ আমি গুগল ম্যাপ দিয়ে বাসটি এয়ারপোর্টের পথে ঠিকঠাক যাচ্ছে কিনা বা কোন কোন এলাকা পার হচ্ছে তা দেখছিলাম। বন্ধুকে পাশের সিটে বসাতে পেরে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বাসের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে মনে হচ্ছিল, আহা, কবে যে আমরা আমাদের দেশে এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে পারবো!

আমাদের বাস প্রবেশ করে টুয়েন মুন–চেক লাপ কক টানেল সড়কের পথে। পাহাড় ও সাগরঘেরা এই অঞ্চলের আধুনিক সড়ক মহাসড়ক সত্যিই বিস্ময় জাগায়। টানেল পেরিয়ে বিমানবন্দর দ্বীপের দিকে এগিয়ে যাওয়ার সময় চারপাশের দৃশ্যও পাল্টাতে শুরু করে। সড়কের দুপাশে আধুনিক স্থাপনা, প্রশস্ত রাস্তা এবং বিমানবন্দরকেন্দ্রিক অবকাঠামো চোখে পড়ে। যাত্রাপথে হংকং–ঝুহাই–ম্যাকাও সেতুর সংযোগ এলাকার কাছাকাছি দিয়ে যাওয়ার সময় চীন সাগরের বুকে বিশাল সেতুটি দেখিয়ে বললো এটি দিয়ে ম্যাকাও যাওয়া যায়।

হংকং–ঝুহাই–ম্যাকাও সেতু সম্পর্কে বলতে গিয়ে স্বপন যা জানালো তাতে আমার চোখ কপালে উঠে গেলো। এটি নাকি উত্তাল চীন সাগরের পার্ল রিভারের উপর নির্মাণ করা হয়েছে। ৫৫ কিলোমিটার দীর্ঘ সেতুটির পুরো পথ সেতু নয়, এরমধ্যে সাগরের তলদেশে সাত কিলোমিটারের মতো টানেল রয়েছে। রয়েছে দুইটি কৃত্রিম দ্বীপও। প্রায় বিশ বিলিয়ন ডলার ব্যয়ে সেতুটি নির্মাণ করে চীন। যেটি চীনের ঝুহাই শহরের সাথে হংকং এবং ম্যাকাওকে যুক্ত করেছে। উত্তাল সাগরকে বশ করে মাত্র ৯ বছরে সেতুটির নির্মাণকাজ সম্পন্ন হয়। ২০০৯ সালে এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল, ২০১৮ সালে সেতুটি চীনের প্রেসিডেন্ট উদ্বোধন করেন।

স্বপনের দেয়া তথ্যগুলো যাছাই করতে গুগলের সাহায্য নিতে গিয়ে আরো বেশি বিস্মিত হলাম। এটি নাকি বিশ্বের অন্যতম দীর্ঘ সাগর সেতুর একটি। এটিকে বিশ্বের অন্যতম বিস্ময়কর সমুদ্রসেতু হিসেবে আখ্যায়িত করে বলা হয়েছে সেতুটি আধুনিক প্রকৌশলবিদ্যার এক অসাধারণ নিদর্শন। সেতুটি শুধু চীনের মূল ভূখণ্ডের সাথে হংকং এবং ম্যাকাওকে সরাসরি সড়কপথে যুক্ত করেনি, এটি পার্ল রিভার ডেল্টা অঞ্চলের অর্থনীতি, বাণিজ্য, পর্যটন ও আঞ্চলিক যোগাযোগেও বিপ্লব সাধন করেছে।

সেতুটির মূল অংশের দৈর্ঘ্য প্রায় ২৯.৬ কিলোমিটার। তবে সংযোগ সড়ক, সেতু, টানেল, কৃত্রিম দ্বীপ ও অন্যান্য অবকাঠামোসহ পুরো প্রকল্পের দৈর্ঘ্য প্রায় ৫৫ কিলোমিটার। দক্ষিণ চীনের পার্ল রিভার এসচুয়ারির ওপর দিয়ে বিস্তৃত। এর পূর্ব প্রান্তে হংকং, পশ্চিম প্রান্তে ঝুহাই ও ম্যাকাও।

আগে জানলে সেতুটি দেখে ফিরতাম। এমন বিস্ময়কর একটি স্থাপনা না দেখে বিমানবন্দরের পথে যেতে আমার খুবই মন খারাপ হলো। তবে স্বপন আশ্বাস দিলো যে, পরের বার হংকং আসলে সে অবশ্যই আমাকে এই সেতুর উপর দিয়ে ম্যাকাও নিয়ে যাবে।

এক ঘণ্টার মতো লাগলো আমাদের বিমানবন্দরে পৌঁছাতে। পুরো পথে হংকংয়ের জনপদ, নগরায়ণ, পাহাড়, সড়ক ও আধুনিক যোগাযোগ ব্যবস্থাকে কাছ থেকে দেখার সুযোগ হলো।

বাস এসে থামলো হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল এলাকায়। স্বপনসহ বাস থেকে নেমে আসলাম।

বিমানবন্দরে পৌঁছেই চোখে পড়ে বিশাল স্থাপনা, সুবিন্যস্ত প্রবেশপথ এবং যাত্রীসেবার আধুনিক আয়োজন। হংকং আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর। তবে এর ব্যস্ততার মধ্যেও রয়েছে অসাধারণ শৃঙ্খলা।

আমার ফ্লাইটের যথেষ্ট সময় আছে। তাই কোন তাড়াহুড়ো হলো না। স্বপন থেকে বিদায় নিয়ে আমি বিশাল টার্মিনাল ভবনে প্রবেশ করলাম। সারি সারি চেক–ইন কাউন্টার, স্বয়ংক্রিয় লাগেজ ব্যবস্থাপনা, ডিজিটাল তথ্যবোর্ড, চলন্ত সিঁড়ি, লিফট এবং যাত্রীদের চলাচলের জন্য আধুনিক ব্যবস্থা–সবকিছুই অত্যন্ত পরিকল্পিত।

বিমানবন্দরের ভেতরে প্রবেশের পর প্রথমেই চোখে পড়ে বিভিন্ন এয়ারলাইন্সের চেক–ইন কাউন্টার। কোথায় কোন এয়ারলাইন্সের কাউন্টার, কোন ফ্লাইটের যাত্রীরা কোথায় যাবেন, কোন গেট থেকে বোর্ডিং হবে–সব তথ্য ডিজিটাল স্ক্রিনে স্পষ্টভাবে দেখানো হচ্ছে।

যাত্রীদের সুবিধার জন্য রয়েছে স্বয়ংক্রিয় চেক–ইন কিয়স্ক ও স্মার্ট ব্যাগেজ ড্রপের ব্যবস্থাও। ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার ঝামেলা অনেকটাই কমে গেছে।

আমি নির্দিষ্ট এয়ারলাইন্সের সামনে গেলাম। স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজে বোর্ডিং করে নিলাম। পশ্চিমা বিশ্বে এই সিস্টেম আরো অনেক আগে দেখেছি। সুতরাং আমার জন্য বোর্ডিং এবং লাগেজ ড্রপ করতে কোন অসুবিধা হলো না। আমি বোর্ডিং পাস ও পাসপোর্ট হাতে নিয়ে সিকিউরিটি চেক এবং ডিপারচার ইমিগ্রেশন এলাকার দিকে এগিয়ে গেলাম। (চলবে)

লেখক : চিফ রিপোর্টার, দৈনিক আজাদী।

পূর্ববর্তী নিবন্ধঐতিহ্যের পথ ধরে আগামীর অভিযাত্রায় আরাসকা