খাদ্যে বিষাক্ত উপাদানের নীরব আগ্রাসন : সুস্থ জীবনের পথে বড় বাধা

রেজাউল করিম স্বপন | মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৭:২৯ পূর্বাহ্ণ

মানুষের মৃত্যু অবধারিত! কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে না। তবে জন্ম থেকে মৃত্যু–জীবনের এই জার্নিটা কীভাবে সুস্থ সবল সুন্দরভাবে পার করা যায় সেটিই হওয়া উচিত আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। আর সুস্থ সবল জীবনযাপনের সবচেয়ে বড় উপাদান হলো নিরাপদ খাদ্য, আনুষঙ্গিক পরিবেশ এবং মানসম্পন্ন কিচেন অ্যাপ্লায়েন্স। তাই বিশ্বজুড়ে চলছে নিরাপদ খাদ্যের সন্ধানে মানুষের নিরন্তর অভিযান ও গবেষণা। মানুষ এখন অনেক বেশি স্বাস্থ্য সচেতন। প্রয়োজনে বেশি দাম দিয়ে হলেও নিরাপদ ও বিষমুক্ত খাদ্য কিনতে কুণ্ঠাবোধ করে না। তবে এক্ষেত্রে ব্যতিক্রম হলো বাংলাদেশ। পৃথিবীতে বোধহয় আমরাই একমাত্র জাতি যারা ভালো ও নিরাপদ খাদ্যকে বিষযুক্ত করে খাই। সেজন্য আমাদের জনগণের রোগের মাত্রা অত্যধিক।

সামপ্রতিক কয়েকটি গবেষণায় দেখা গেছে আমাদের কিচেন অ্যাপ্লায়েন্স ও খাদ্য সামগ্রীতে রয়েছে মারাত্মক সব ধাতু।যেগুলো মানুষের শরীরে প্রবেশ করলে মারাত্মক রোগে আক্রান্ত হয়। তেমনই কয়েকটি গবেষণা প্রতিবেদন নিয়েই আজকের আলোচনা।

সমপ্রতি এক গবেষণায় দেখা গেছে, অ্যালুমিনিয়ামের নতুন হাঁড়িতে প্রথমবার রান্নার সময় প্রতি কেজি সাদা ভাতে সর্বোচ্চ ৩০৫ মাইক্রোগ্রাম সিসা পাওয়া গেছে। খিচুড়িতে পাওয়া গেছে সর্বোচ্চ ৪২০ মাইক্রোগ্রাম সিসা, যা গ্রহণযোগ্য মাত্রার চেয়ে অনেক বেশি। যদিও শিশু ও ছোট বাচ্চাদের খাবারে সিসার সর্বোচ্চ সীমা ১০ মাইক্রোগ্রাম বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর) এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে এই গবেষণা চালিয়েছে তারা। গবেষণাটি নেচার–এর জার্নাল অব এক্সপোজার সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল এপিডেমিওলজিতে প্রকাশিত হয়েছে। এতে স্থানীয়ভাবে তৈরি অ্যালুমিনিয়ামের পাত্র থেকে রান্না করা খাবারে কতটা সিসা মিশতে পারে, তা পরীক্ষা করা হয়। পাশাপাশি সিসা মিশে যাওয়ার পরিমাণের সঙ্গে খাবারের অম্লতার মাত্রা (অ্যাসিডিটি), পাত্র পরিষ্কার করার পদ্ধতি এবং রান্নার ধরন কী ধরনের প্রভাব ফেলে, সেটিও দেখা হয়। গবেষণায় দেখা যায়, বিষাক্ত সিসা শিশুদের মস্তিষ্ক বিকাশে দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারে। তাই ঝুঁকি কমাতে নিরাপদ রান্নার পাত্র তৈরি এবং পরিবার পর্যায়ে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার ওপর গুরুত্ব দিয়েছেন গবেষকেরা।

আরেকটি গবেষণা হয়, টুথপেস্ট নিয়ে। বাজারে প্রচলিত ৩৪টি টুথপেস্টের মধ্যে পরীক্ষা করে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যায়। প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে এসব ক্ষুদ্র প্লাস্টিক কণার সংখ্যা ছিল ২০ থেকে ৩২০টি পর্যন্ত। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) নতুন এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গবেষকেরা বলছেন, টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি মানবস্বাস্থ্য ও পরিবেশের সম্ভাব্য ঝুঁকি নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করছে। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পরিচালিত গবেষণায় ১৯টি প্রধান ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করা হয়। এগুলো বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামে উৎপাদিত। দেশে তৈরি ২৫টি নমুনার মধ্যে ২২টিতেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়। এছাড়া ভারতের পাঁচটি নমুনার একটিতে, থাইল্যান্ডের দুটি নমুনার একটিতে এবং ভিয়েতনামের দুটি নমুনার দুটিতেই মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। গবেষণায় অন্তর্ভুক্ত ৩৪টি নমুনার ছয়টি ছিল শিশুদের টুথপেস্ট। এর মধ্যে চারটিতে প্রতি ১০০ গ্রামে ২০ থেকে ১৪০টি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে।

যা মারাত্মক ক্ষতিকর। গবেষকেরা জানান, কোনোভাবেই টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক থাকতে পারে না। আরেকটি উদ্বেগজনক গবেষণা প্রতিবেদন হলো দক্ষিণ–পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদের মাছেও উদ্বেগজনক মাত্রায় ক্ষুদ্র প্লাস্টিক কণার (মাইক্রোপ্লাস্টিক) উপস্থিতি পাওয়া গেছে। সমপ্রতি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ডিসকাভার এনভায়রনমেন্টে প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণাটি করেছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ফিশারিজ রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের একদল শিক্ষক–শিক্ষার্থী। কাপ্তাই হ্রদের পাঁচটি দেশীয় ছোট মাছের উপর এই গবেষণা করা হয়। মাছগুলো হলো কাচকি, চাপিলা, ট্যাংরা, মলা ও ঢেলা। গবেষণার জন্য রাঙামাটির রিজার্ভ বাজার, সুবলং বাজার ও বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ৫ প্রজাতির ৭৫টি মাছের নমুনা সংগ্রহ করে গবেষক দল। গবেষণায় দেখা গেছে, নমুনা হিসেবে নেওয়া সব মাছের ভেতরেই মাইক্রোপ্লাস্টিক বা ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিকের কণা বিদ্যমান। এর মধ্যে হ্রদের তলদেশের কাদা ও বালু থেকে খাবার গ্রহণ করা ট্যাংরা মাছের দেহে সবচেয়ে বেশি পরিমাণে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়। ট্যাংরা মাছে প্রতি গ্রামে গড়ে শূন্য দশমিক ৬৩টি ক্ষুদ্র প্লাস্টিক কণা মিলেছে। গবেষকেরা বলছেন, হ্রদে ফেলা গৃহস্থালি বর্জ্য, পর্যটকদের ব্যবহৃত প্লাস্টিক এবং মাছ ধরার পুরোনো জালের কারণেই এ দূষণ ছড়িয়ে পড়ছে।

গবেষণাপত্রে উল্লেখ করা হয়, মাছে পাওয়া প্লাস্টিক কণাগুলোর ৮৫ শতাংশই ছিল সুতা বা ফাইবার আকৃতির। রাসায়নিক বিশ্লেষণে দেখা যায়, এর ৭১ শতাংশই পলিথিন, যা মূলত প্লাস্টিকের ব্যাগ, বোতল ও প্যাকেজিং সামগ্রী থেকে তৈরি। নীল, কালো ও সাদা রঙের প্লাস্টিক কণার উপস্থিতি প্রমাণ করে যে হ্রদে ফেলা প্লাস্টিক বর্জ্য ও প্লাস্টিকজাত সরঞ্জাম দীর্ঘদিন পানিতে ভেসে ও ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত হচ্ছে।

এদিকে লইট্টা, ছুরি, পোয়া,বাগদা, হরিণা চিংড়ি ও ফাইস্যা–পরীক্ষিত শুঁটকিতেও মিলেছে মাইক্রোপ্লাস্টিক। দেশের চার উপকূলীয় এলাকা থেকে সংগ্রহ করা এসব শুঁটকির প্রতিটি নমুনায় প্লাস্টিক কণা পেয়েছেন গবেষকেরা। সবচেয়ে বেশি পাওয়া গেছে সুন্দরবনের দুবলার চরের লইট্টা শুঁটকিতে। এরপর রয়েছে কক্সবাজারের বাগদা চিংড়ির শুঁটকিতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। এতে প্রতি গ্রাম শুঁটকিতে শূন্য দশমিক ২৫ থেকে ১ দশমিক ৩০টি প্লাস্টিক কণা পাওয়া গেছে। শনাক্ত হয়েছে সাত ধরনের প্লাস্টিক। কণার সংখ্যা, আকার, আকৃতি ও রাসায়নিক গঠনের পাশাপাশি সম্ভাব্য রাসায়নিক ঝুঁকিও বিশ্লেষণ করেছেন গবেষকেরা। গবেষণাটি ১৫ অক্টোবর আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী মেরিন পলিউশন বুলেটিনে অনলাইনে প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার থেকে প্রকাশিত সাময়িকীটিতে বিশেষজ্ঞদের পর্যালোচনার ভিত্তিতে সামুদ্রিক দূষণ বিষয়ক গবেষণা প্রকাশ করা হয়।

আসলে মাইক্রোপ্লাস্টিক হলো ৫ মিলিমিটার বা তার চেয়ে ছোট আকারের প্লাস্টিক কণা। এগুলোর আকৃতি এতই ক্ষুদ্র যে, সাধারণত খালি চোখে দেখা যায় না। মাইক্রোপ্লাস্টিক দুই রকমের হয়। একটি হলো প্রাইমারি মাইক্রোপ্লাস্টিক। যা কোনো নির্দিষ্ট কাজে ব্যবহারের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে ছোট আকারে তৈরি করা হয় এমন প্লাস্টিক কণা(যেমন ফেসওয়াশ বা টুথপেস্টে ব্যবহৃত এক্সফোলিয়েটিং বিডস)। আরেকটি হলো সেকেন্ডারি মাইক্রোপ্লাস্টিক। বড় কোনো প্লাস্টিক পণ্য (যেমন প্লাস্টিক বোতল, পলিথিন ব্যাগ কিংবা সিন্থেটিক কাপড়) রোদ, বাতাস বা ঘর্ষণে ভেঙে বা ক্ষয় হয়ে যে ক্ষুদ্র কণায় রূপ নেয়, তা। মাইক্রোপ্লাস্টিক প্রধানত দুই মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে:

১। খাদ্য ও পানীয়: সামুদ্রিক মাছ, চিংড়ি, লবণ, বোতলজাত পানি এবং বিভিন্ন প্রক্রিয়াজাত খাবারের মাধ্যমে।

২। শ্বাস–প্রশ্বাস: বাতাসে ভেসে থাকা ধূলিকণার সাথে মিশে থাকা অতিসূক্ষ্ম প্লাস্টিক কণা ফুসফুসে প্রবেশ করে।

গবেষণায় দেখা গেছে, মাইক্রোপ্লাস্টিক রক্তপ্রবাহ, ফুসফুস ও শরীরের বিভিন্ন টিস্যুতে জমতে পারে। যার প্রভাবে–হরমোনের ভারসাম্য নষ্ট হয়, ফুসফুস ও শরীরের বিভিন্ন অঙ্গে প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস হয়, প্রজনন ক্ষমতা হ্রাস পায় ও শুক্রাণুর গুণমানে নেতিবাচক প্রভাব পড়ে। সবচেয়ে ভয়ংকর বিষয় হলো এটি দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি করে।

বিশ্বের সব দেশেই প্রচুর পরিমাণে প্লাস্টিক জাতীয় পণ্য ব্যবহৃত হয়। সেখানে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে শতভাগ প্লাস্টিক পণ্যকে রিসাইক্লিংয়ের মাধ্যমে পুনরায় ব্যবহার করা হয়। যাতে এটি মানবদেহে প্রবেশ ও ক্ষতি করতে না পারে। আমাদের দেশেও বিষয়টির প্রতি যথাযথ গুরুত্ব দিয়ে প্লাস্টিক জাতীয় পণ্যের রিসাইক্লিংয়ের মাধ্যমে তা পুনরায় ব্যবহারের ব্যবস্থা করা প্রয়োজন। আর এটি যদি করা যায়, তবে তা হবে জাতির জন্য আশীর্বাদ স্বরূপ।

লেখক: প্রাবন্ধিক ও কলামিস্ট।

পূর্ববর্তী নিবন্ধস্মরণের আবরণে আবদুল অদুদ চৌধুরী