নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় ফরচুনের নকল চাল এবং কেমিক্যালে রং মেশানো মরিচের গুঁড়া কাশ্মীরি মরিচ নামে বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের বিভাগীয় উপ–পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মাহমুদা আক্তার ও রানা দেবনাথ। অভিযানের প্রসঙ্গে মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, জরিমানা আদায়ের পাশাপাশি ভবিষ্যতে যেন এ ধরনের অপরাধ না হয় সে বিষয়ে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।













