খাগড়াছড়িতে চিতা বিড়াল উদ্ধার, বনে অবমুক্ত

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ৪ অক্টোবর, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি জেলা শহরের ইসলামপুর এলাকা থেকে একটি বিরল প্রজাতির চিতা বিড়াল উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল শনিবার বিকেলে একটি বসতবাড়ি থেকে প্রাণীটিকে উদ্ধার করা হয়। পরে সেটিকে সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে। খাগড়াছড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইসলামপুর এলাকায় একটি চিতা বিড়াল মানুষের বসতবাড়িতে ঢুকে পড়ে। স্থানীয়রা বিষয়টি বন বিভাগকে জানালে কর্মীরা গিয়ে সেটিকে উদ্ধার করেন। উদ্ধারের সময় চিতা বিড়ালটি বন বিভাগের দুই কর্মীকে কামড়ে আহত করে। পরে প্রাণীটিকে সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

তবে উদ্ধার করা বন্যপ্রাণী অবমুক্ত করার আগে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগ কেন্দ্রের প্রতিষ্ঠাতা মাহফুজ রাসেল। তিনি বলেন, কোনো বন্যপ্রাণী উদ্ধার করা হলে প্রথমে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখতে হয়। প্রাণীটি অসুস্থ বা অন্য কোনো সমস্যায় আক্রান্ত বলে মনে হলে তাকে রিহ্যাবিলিটেশন সেন্টার বা কেয়ার সেন্টারে রাখা প্রয়োজন। বন বিভাগে বন্যপ্রাণীর চিকিৎসার জন্য কোনো সেন্টার নেই। তবে পিটাছড়ায় বন্যপ্রাণীর সুরক্ষা ও চিকিৎসার ব্যবস্থা রয়েছে। মাহফুজ রাসেল বলেন, যে বিরল প্রজাতির চিতা বিড়ালটি উদ্ধার হয়েছে, সেটিকে কয়েক দিন পর্যবেক্ষণে রেখে পরে অবমুক্ত করা হলে ভালো হতো। তার কাছে প্রাণীটিকে কিছুটা অসুস্থ মনে হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসির পরিবহন বহরে যুক্ত হলো আরও ৫টি নতুন বাস
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ