চীনের বিতর্কিত জাতিগত ঐক্য ও অগ্রগতি প্রচার আইন–এর প্রতিবাদ এবং আত্মোৎসর্গকারী তিব্বতি অ্যাক্টিভিস্ট লোবগা রাংজেনের স্মরণে বিশ্বব্যাপী প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে তিব্বতি যুব কংগ্রেস (টিওয়াইসি)। খবর বিডিনিউজের।
ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় ২৪ ঘণ্টার পর্যায়ক্রমিক অনশন ধর্মঘটের মাধ্যমে এই আন্তর্জাতিক আন্দোলনের সূচনা করা হয়। ধর্মশালার প্রধান তিব্বতি মন্দির সুগলাগখাং –এর কাছে টিওয়াইসির সাবেক কর্মকর্তা ও তিব্বতি অ্যাক্টিভিস্টরা এই অনশন কর্মসূচিতে অংশ নেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বিশ্বজুড়ে সমন্বিত বিক্ষোভ, মোমবাতি প্রজ্বালন, গণসমাবেশ, সচেতনতামূলক প্রচারণা ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে তিব্বতের মানবাধিকার পরিস্থিতির প্রতি আন্তর্জাতিক সমপ্রদায়ের দৃষ্টি আকর্ষণ করাই এ কর্মসূচির প্রধান লক্ষ্য।












