ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধী টিকার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। নতুন এই টিকার নাম কিউডিইএনজিএ বা কিউডেঙ্গা। ডেঙ্গুর এই প্রতিষেধক তৈরি করেছে জাপানের ওষুধ প্রস্তুতকারী সংস্থা তাকেদা বায়োফার্মাসিউটিক্যালস। খবর বিডিনিউজের।
তাদের তৈরি টিকা কিউডেঙ্গা ইতিমধ্যেই এশিয়া, লাতিন আমেরিকা এবং ইউরোপের ৪৩টি দেশে অনুমোদন পেয়েছে। এবার ভারতও টিকাটির অনুমোদন দিল। ২০১৯ সালের নিউ ড্রাগ অ্যান্ড ক্লিনিকাল ট্রায়ালস (এনডিসিটি) আইন মেনে ভারতে ওষুধ অনুমোদনের দায়িত্বে থাকা কেন্দ্রীয় নিয়ামক সংস্থা দ্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) কিউডেঙ্গা বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে। ৪ থেকে ৬০ বছর বয়সি যে কেউ কোনও শারীরিক পরীক্ষা ছাড়াই এই টিকা নিতে পারবে।
অর্থাৎ, টিকা দেওয়ার আগে ডেঙ্গু সংক্রমণ হয়েছে কি না, তা জানতে কোনো প্রাক–টিকাদান পরীক্ষার প্রয়োজন নেই। মোট দুই ডোজ টিকা নিতে হবে। প্রথম ডোজ নেওয়ার তিন মাস পর দ্বিতীয় ডোজ নিতে হবে। ভারতে প্রতি বছরই ডেঙ্গু আক্রান্ত হয় লাখো মানুষ। গবেষণা রিপোর্ট বলছে, বিশ্বে যত মানুষ ডেঙ্গুতে ভোগে তার এক তৃতীয়াংশই ভারতের বাসিন্দা।












