জাতীয় ব্যাডমিন্টনে নতুন চ্যাম্পিয়ন লিকা ও রাজিন

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২৬ at ৮:৩৯ পূর্বাহ্ণ

জাতীয় ব্যাডমিন্টনের নারী এককের ফাইনালে উর্মি আক্তারকে হারিয়ে প্রথমবারের মতো সিনিয়র পর্যায়ে শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভাসলেন লিকা পোদ্দার। পুরুষ এককের ফাইনাল হয়নি। মাসল ক্র্যাম্প করায় ফাইনালে খেলতে পারেননি সিবগাত উল্লাহ। তাই বিজয়ী ঘোষণা করা হয় সিলেট ডিএসএর রাজিন আহমেদকে। বৃহস্পতিবার সাবেক চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনীর উর্মিকে ২২–২০, ১১–২১, ২১–১৮ পয়েন্টে হারান লিকা। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার হয়ে খেলা এই শাটলার সিনিয়র পর্যায়ে এই প্রথম পেলেন ট্রফির স্বাদ। লিকার উঠে আসা খুলনার মংলা থেকে। মৎস্যজীবী পরিবারে বেড়ে ওঠা ২৪ বছর বয়সী এই শাটলার উঠে এসেছেন দীর্ঘ সংগ্রাম ও কষ্টের পথ পাড়ি দিয়ে। তিনি এখন ছুটতে চান আপন গতিতে। পুরুষ দ্বৈতে বাংলাদেশ আনসারের মোয়াজ্জেম হোসেন ওহীদুল–শুভ খন্দকার জুটি ২২–২৪, ২১–১৮, ২৬–২৪ পয়েন্টে বাংলাদেশ সেনাবাহিনীর আল আমিন জুমার–এস এম সিফাত উল্লাহ জুটিকে হারিয়েছে। নারী দ্বৈতে সেনাবাহিনীর বৃষ্টি খাতুন–এস কে পৃথা জুটি ২৩–২১ ও ২১–১৭ পয়েন্টে নারায়ণগঞ্জের লিকা পোদ্দার ও স্মৃতি রাজবংশী জুটিকে হারিয়েছেন। মিশ্র দ্বৈতের ফাইনালে মুখোমুখি হয়েছিল সেনাবাহিনীর দুই জুটি। আল আমিন জুমার–উর্মি জুটি ২১–১৭, ২১–১৪ পয়েন্টে জিতেছেন তামিম হাসান–এস কে পৃথা জুটির বিপক্ষে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের চূড়ান্ত খেলোয়াড় বাছাই আজ
পরবর্তী নিবন্ধমহানগর ব্যাডমিন্টন টুর্নামেন্ট আজ শুরু