চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস–চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, বন্যা, জলাবদ্ধতা, ঘূর্ণিঝড় ও লবণাক্ততার কারণে প্রচলিত স্যানিটেশন ব্যবস্থা অনেক ক্ষেত্রে অকার্যকর হয়ে পড়ছে। তাই টেকসই স্যানিটেশন ব্যবস্থা গড়ার বিকল্প নেই। আমাদের প্রয়োজন জলবায়ু সহনশীল স্যানিটেশন অবকাঠামো, উন্নত ও পরিবেশবান্ধব ল্যাট্রিন ব্যবস্থা, বর্জ্য পুনঃব্যবহার ও সম্পদ পুনরুদ্ধার প্রযুক্তি, এবং টেকসই নগর ব্যবস্থাপনা। গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ের মাধ্যমে আমরা একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই স্যানিটেশন ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হবো। তিনি গতকাল সোমবার পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে পুরকৌশল বিভাগের উদ্যোগে ও বুয়েটের আন্তর্জাতিক ট্রেইনিং নেটওয়ার্কের সহযোগিতায় ‘সেনিটেশন ফর আরবান লো–ইনকাম কমিউনিটিজ’ শীর্ষক ২ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড.মো. রিয়াজ আকতার মল্লিক। সভাপতিত্ব করেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক। সঞ্চালনা করেন পুরকৌশল বিভাগের গবেষণা সহযোগী ফারজানা খান। উল্লেখ্য, উক্ত প্রশিক্ষণে মোট ৭টি টেকনিক্যাল সেশন সম্পন্ন হয়। এতে বিভাগের ২০ ব্যাচের ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।













