টেকনাফে ৫ কোটি টাকার আইস জব্দ

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ৫ আগস্ট, ২০২৬ at ১০:০৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটও জব্দ করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্টগার্ড জানায়, মঙ্গলবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার নাফ নদীর শাহপরী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড আউটপোস্ট শাহপরী। অভিযান চলাকালে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিরোধ করতে সংকেত দেওয়া হয়।

কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক কারবারিরা সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যায়। পরে তারা পার্শ্ববর্তী গোলারচরে বোটটি রেখে পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে বোটটিতে তল্লাশি চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের এক কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত বোটটিও জব্দ করে কোস্টগার্ড। গতকাল মঙ্গলবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জব্দকৃত ক্রিস্টাল মেথ ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপোশাক রপ্তানিতে টানা পঞ্চমবার বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
পরবর্তী নিবন্ধজুলাইয়ের প্রতি দায়বদ্ধতা থেকে রাষ্ট্রকে সম্পূর্ণভাবে বদলে দিতে হবে