চবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রশিবিরের বিক্ষোভ

চবি প্রতিনিধি | রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলার প্রতিবাদ, হামলাকারীদের শাস্তি নিশ্চিতকরণ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্রশিবিরের গবেষণা সম্পাদক মোনায়েম শরীফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ, প্রচার সম্পাদক মো. ইসহাক ভূঁঞাসহ নেতৃবৃন্দ। চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ও শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, গতকাল বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় আমাদের শিক্ষার্থীদের বিনা উস্কানিতে অতর্কিতভাবে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং ধারাবাহিক সহিংসতার অংশ। শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো এই প্রবাদ যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান বাস্তবতাকেই প্রতিফলিত করছে। শিক্ষার্থীদের ওপর হামলা হচ্ছে, আবার বিচার প্রক্রিয়াও প্রশ্নবিদ্ধ। গ্রেপ্তারের পরও দ্রুত জামিনে মুক্তি পাচ্ছে অভিযুক্তরা, যা ন্যায়বিচার ও নিরাপত্তা দুটোকেই প্রশ্নবিদ্ধ করছে। তিনি অভিযোগ করে বলেন, ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সড়কটি এখনো অনিরাপদ। সেখানে সংঘবদ্ধ একটি সিন্ডিকেট মাদক ব্যবসা ও সহিংসতার মাধ্যমে শিক্ষার্থীদের বারবার আক্রান্ত করছে। পারভেজ বলেন, আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি এই সন্ত্রাসী সিন্ডিকেট ভেঙে দিন, তাদের আস্তানা ধ্বংস করুন এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করুন। শুধু আশ্বাস বা সম্পর্কের কথা বলে দায় এড়ানো যাবে না।

পূর্ববর্তী নিবন্ধসমকালের দর্পণ
পরবর্তী নিবন্ধদেশপ্রেমিক জনগোষ্ঠীর হাতধরেই নির্মিত হবে আগামীর স্বনির্ভর বাংলাদেশ