চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রের সাহিত্য বিভাগ ও নোঙরের ব্যবস্থাপনায় সাহিত্য আড্ডায় বক্তারা বলেছেন, আমাদের প্রাত্যহিক আচরিত জীবনাচারই নববর্ষের মূল প্রতিপাদ্য। নববর্ষ মানে বাংলাদেশি জাতীয়তাবাদের উৎকর্ষ অর্জনের অন্যতম অনুষঙ্গ। বাংলাদেশের অর্থনীতি রাজনীতি দর্শন ও সাংস্কৃতিক বোধের উত্থানের সাথে নববর্ষ ওতোপ্রোতোভাবে জড়িত। কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ধর্মের আবরণে একে রাঙানো উচিত না।
গত ১৭ এপ্রিল পাঁচলাইশস্থ মাটি মিলনায়তনে ২৬১তম সাহিত্য আড্ডায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রের সভাপতি ইসমাইল চৌধুরী। সাহিত্য আড্ডায় ‘বাংলা নববর্ষ ও এর প্রেক্ষিত বিবেচনা’ বিষয়ে আলোচনা করেন সংগীত ব্যক্তিত্ব ড. চৌধুরী আবদুল হালিম এবং ‘কবি ও গীতিকার চৌধুরী গোলাম মাওলা’র গান–কবিতায় নতুন সমাজের আবাহন’ বিষয়ে আলোচনা করেন প্রাবন্ধিক ও সংগঠক আমীরুল ইসলাম। সম্পূরক আলোচনা করেন চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রের মহাসচিব সংগঠক ও অনুবাদক সাইফুল্লাহ সায়েম ও সাহিত্যসেবী ডা. সারওয়ার কামাল।
নোঙরের নির্বাহী সম্পাদক হানিফ মজুমদারের পরিচালনায় নোঙর সম্পাদক আবু সাঈদ হান্নানের স্বাগত বক্তব্যের পর বৈশাখের পংক্তিমালা ও মুক্ত আলোচনায় অংশ নেন কবি ও শিল্পী আব্দুল্লাহ আল মাসউদ, সংস্কৃতি ও রাজনীতিকর্মী নাফিজ ইমতিয়াজ, নাট্যকর্মী এমরান হোসাইন, শিক্ষক ফয়েজ আহমেদ, শিল্প সহযোগী আলী হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।














