চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন যাত্রীর কাছ থেকে ৭৮২ কার্টন সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করা হয়েছে। এছাড়া ব্যাগেজ বেল্ট এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে আরও ১ হাজার ২০ কার্টন সিগারেট। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৪ হাজার টাকা।
গতকাল সোমবার সকাল ৯টা ২০ মিনিটে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি–১৪৮ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে এসব পণ্য জব্দ করা হয়। আটক তিন যাত্রী হলেন ফেনীর ছাগলনাইয়ার মঈনুল আবদিন ও আব্দুল মান্নান এবং ফেনী সদর এলাকার নুরুল আলম রিয়াদ।
কাস্টমস সূত্র জানায়, তিন যাত্রীর কাছ থেকে জব্দ করা ৭৮২ কার্টন এবং ব্যাগেজ বেল্ট এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া ১ হাজার ২০ কার্টনসহ মোট ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। পাশাপাশি ১৩টি আইফোনও জব্দ করা হয়।
কাস্টমসের হিসাব অনুযায়ী, জব্দ সিগারেটের মূল্য ৩৬ লাখ ৪ হাজার টাকা এবং আইফোনের মূল্য ১৫ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৪ হাজার টাকা।
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের কাছ থেকে জব্দ করা পণ্য ডিএম মূলে জব্দ করা হয়েছে। এসব পণ্য চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে থাকবে। তিন যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে বলে জানানো হয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থাগুলো, কাস্টমস, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কর্তৃপক্ষের নজরদারি অব্যাহত থাকবে।












