দেশের প্রখ্যাত স্ত্রীরোগ ও প্রসূতিবিদ এবং একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. সায়েবা আখতার গতকাল চট্টগ্রাম কিডনি হাসপাতাল পরিদর্শন করেছেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা কার্যক্রম, অবকাঠামো ও রোগীদের জন্য প্রদত্ত সেবাসমূহ সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে হাসপাতালের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি অংশগ্রহণ করেন। সভায় ফিস্টুলা অপারেশন, মাতৃস্বাস্থ্য, কিশোরী স্বাস্থ্য (Adolescent Gynaecology ), গর্ভকালীন ও প্রসবোত্তর জটিলতা (Post Delivery Syndrome ), নারীদের বিভিন্ন স্ত্রীরোগ, নিরাপদ মাতৃত্ব এবং এসব সমস্যার আধুনিক চিকিৎসা ও জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট (NIKDU)-এর অধ্যাপক মো. জাহাঙ্গীর কবির। এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার আলী আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজওয়ান শাহিদী, নির্বাহী কমিটির সদস্য ডা. সানাউল্লাহ শেলী, ছালামত উল্লাহ, সাগরিকা শিপ রিসাইক্লিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল আবছার এবং খুরশিদসহ অন্যান্য সদস্যবৃন্দ। মতবিনিময় সভায় অধ্যাপক ডা. সায়েবা আখতার বলেন, মাতৃস্বাস্থ্য ও নারীদের প্রজননস্বাস্থ্য নিশ্চিত করতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, সময়মতো চিকিৎসা এবং জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। বিশেষ করে কিশোরীদের স্বাস্থ্যসেবা, নিরাপদ মাতৃত্ব এবং প্রসবোত্তর জটিলতা মোকাবিলায় চিকিৎসক, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও সমাজের সকল স্তরের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি চট্টগ্রাম কিডনি হাসপাতালের আধুনিক চিকিৎসাসেবা, মানবিক কার্যক্রম এবং জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে নারীদের স্বাস্থ্যসেবায় বিশেষায়িত কার্যক্রম পরিচালনায় ফাউন্ডেশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভা শেষে অতিথিবৃন্দ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং ভবিষ্যতে ফিস্টুলা অপারেশন, মাতৃস্বাস্থ্য, কিশোরী স্বাস্থ্য ও নারীদের বিশেষায়িত চিকিৎসাসেবা সমপ্রসারণে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।











