নগরীর খুলশী থানাধীন এমএইএস কলেজের পাশে ভূইয়া গলি থেকে এক ব্যাংক কর্মকর্তার ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ওই যুবকের নাম রাফিউল হাসান চৌধুরী (২২)।
গতকাল ভোর রাতে খবর পেয়ে খুলশী থানা পুলিশের একটি টিম এমএইএস কলেজের পাশে ভূইয়া গলির ভেতরে দুটি বিল্ডিংয়ের মাঝখানে পড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করে চমেক হাসাপাতলে নিয়ে যায়।
লাশ পাওয়ার বিষয়টি স্বীকার করে খুলশী থানার ওসি মো. আব্দুর রহিম আজাদীকে বলেন, এমএইএস কলেজের পাশে ভূইয়া গলির দুটি বিল্ডিংয়ের মাঝখান থেকে আমাদের একটি টিম ভোর রাতে লাশটি উদ্ধার করে। লাশটির গায়ে আঘাতের কোন চিহ্ন নেই। বিল্ডিংয়ের উপর থেকে পড়লে তো সচরাচর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন থাকে। কেউ মেরে ফেললেওতো শরীরে আঘাত থাকে। আত্মহত্যারও কোন চিহ্ন পাওয়া যায়নি। কীভাবে মারা গেল বিষয়টি এখনো আমরা জানতে পারিনি।
ওসি আব্দুর রহিম বলেন, ছেলেটির বাবা আবুল হাসান চৌধুরী ন্যাশনাল ব্যাংক চকবাজার শাখার ম্যানেজার। তিনি আমাদের জানিয়েছেন, তার ছেলে রাফি শানসাইন গ্রামার স্কুলে পড়তো। পড়ালেখা ছেড়ে দিয়েছে। তিন বছর আগে তার মা মারা গেছেন। তিনিও কিছু জানাতে পারেননি।
আমরা লাশের পোর্টমর্টেমের জন্য চমেক পাসপাতালে পাঠিয়েছি। সেখান থেকে আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারে নিয়ে গেছে।
পুলিশ জানায়, ব্যাংক কর্মকর্তা আবুল হাসান চৌধুরীর গ্রামের বাড়ি কুমিল্লা চৌদ্দগ্রাম। তিনি একমাত্র ছেলেকে নিয়ে ভূইয়া গলির আলনূর টাওয়ারের ৬ষ্ঠ তলার ৬০২ নম্বর ফ্ল্যাটে থাকতেন।











