কবরী গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠান

| শনিবার , ১৮ এপ্রিল, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

কিংবদন্তি অভিনেত্রী, পরিচালক, প্রযোজক ও রাজনীতিক কবরীর প্রয়াণের পঞ্চম বার্ষিকী ছিল গতকাল শুক্রবার। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট ও খড়িমাটির যৌথ উদ্যোগে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী রচিত ‘কবরী’ গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠান। আলোচক ছিলেন, কবি ও সাংবাদিক ওমর কায়সার, চলচ্চিত্র গবেষক ও নির্মাতা আনোয়ার হোসেন পিন্টু। গ্রন্থটি রচনার প্রেক্ষাপট ও নিজের অভিজ্ঞতা নিয়ে বক্তব্য দেন, কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী। অতিথি আলোচক ও ঔপন্যাসিকের আলোচনায় চট্টলকন্যা কবরীর জীবন সংগ্রামের নানা দিক এবং তাঁর অভিনয়ের উজ্জ্বল দিকগুলো উঠে আসে। চট্টগ্রাম থেকে মাত্র তের বছর বয়সে সুতরাং ছবিতে অভিনয়ের জন্যে ঢাকায় যাওয়ার পর কিভাবে মীনা পাল থেকে তিনি কিংবদন্তি অভিনেত্রী কবরী হয়ে উঠলেন, বক্তারা সেসব কথা তুলে ধরেন। চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের সভাপতি চলচ্চিত্র সাহিত্যিক ও নির্মাতা শৈবাল চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন খড়িমাটির সম্পাদক কবি ও প্রকাশক মনিরুল মনির। শুরুতে কবরী এবং সদ্যপ্রয়াত সংগীতশিল্পী আশা ভোঁসলের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর উপন্যাসের নির্বাচিত অংশ পাঠ করেন স্বপ্নীল বড়ুয়া ডানা। অনুষ্ঠানে কবরীকে নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালদায় অভিযানে অবৈধ জাল জব্দ
পরবর্তী নিবন্ধমতের ভিন্নতা থাকলেও পটিয়ার স্বার্থে সবাইকে এক থাকতে হবে