হত্যা মামলার পর এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম জানিয়েছেন। গেল ৯ এপ্রিল মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দারকে গ্রেপ্তার করা হয়। খবর বিডিনিউজের।
ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহতের ঘটনায় নিউ মার্কেট থানার মামলায় পরের দিন তার চার দিনের রিমান্ড মঞ্জুর হয়। সোমবার তাকে আরও তিন দিনের রিমান্ডে পাঠানো হয়। দুই দফায় সাত দিনের রিমান্ড শেষে গেল বৃহস্পতিবার আরও সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।
তিন দফায় ১২ দিনের রিমান্ড শেষে বুধবার মাঞ্জিল হায়দারকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশ–ডিএমপির গোয়েন্দা শাখা–ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে মনিরুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।













