তৃতীয়বারের মত প্রকাশ্য গণনায় সিলেটের হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স খুলে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গেছে। গণনা শেষে নগদ টাকার পাশাপাশি ২ ভরি ১ আনা স্বর্ণ ও ১ ভরি ২ আনা রুপা মিলেছে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে গণনা শেষে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানান। খবর বিডিনিউজের।
তিনি বলেন, দানবাক্স থেকে পাওয়া বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে ৩১ পাউন্ড, ভারতীয় রুপি ৩ হাজার ২৪৮, পাকিস্তানি রুপি ৬০, সৌদি রিয়াল ৭০, মালয়েশীয় রিঙ্গিত ৮৩, আমেরিকান ডলার ৪, নেপালি রুপি ১০০, ওমানি মুদ্রা ১ হাজার পায়সা ও ১ রিয়াল, আরব আমিরাতের ৬৪ দিরহাম ২২ সেন, ইরাকি দিনার ২৫০, তুর্কি লিরা ৯০, ভিয়েতনামের ডলার ১ হাজার, জাপানি ইয়েন ১ হাজার, কাতারি রিয়াল ১১২ রিয়াল ৫০ পয়সা, লেবাননের পাউন্ড ১০, মিসরীয় পাউন্ড ১০, ইউরো ৪০ পয়সা,বাহরাইনি মুদ্রা ১ পয়সা এবং কানাডীয় ডলার ১। মাজারে নজরানা হিসেবে পাওয়া গরু, ছাগল, হাঁস ও মুরগির হিসাবও আলাদাভাবে করা হয়েছে।












