আনোয়ারায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত ৪ পলাতক আসামি গ্রেপ্তার

সাড়ে ৩ লাখ ইয়াবা উদ্ধারের মামলা

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

আনোয়ারায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ বছরের সাজাপ্রাপ্ত চার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার গহিরা গ্রামের মো. আব্দুল গফুর (৪৩), মো. সিরাজ (৬৭), মোহাম্মদ হোসেন (৫৮) ও আব্দুর রহিম (৫৬)

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৫ সালে কক্সবাজারের বঙ্গোপসাগর উপকূলে র‌্যাবের একটি অভিযানে সাড়ে তিন লাখ ইয়াবাসহ এই চারজন গ্রেপ্তার হয়েছিলেন। ওই ঘটনায় করা মামলায় আদালত তাদের প্রত্যেককে ১৫ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। রায়ের পর থেকেই তারা পলাতক ছিলেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান নিশ্চিত করার পর এসআই শিমুল চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। এতে সহযোগিতা করেন এএসআই মো. নুরুল আফছার ও এএসআই সুমন কুমার ধর। ওসি আরও বলেন, সাজাপ্রাপ্ত আসামিরা দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। সোমবার রাতে গহিরা গ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধস্বরলিপি সাংস্কৃতিক ফোরামের স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে রেল কর্মচারীর মৃত্যু