সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে রেল কর্মচারীর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করার সময় ট্রেনে কাটা পড়ে এক রেলওয়ে কর্মচারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে বাড়বকুণ্ড রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই কর্মচারীর নাম মো. রফিকুল ইসলাম (৫৫)। তিনি মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ঘোড়ামারা গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রফিকুল ইসলাম বাড়বকুণ্ড স্টেশন এলাকায় রেললাইনে মেরামতের কাজ করছিলেন। এ সময় রেলওয়ের ডাউন লাইনে চাঁদপুর থেকে আসা চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনটি অতিক্রম করার সময় তিনি কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই রাশেদ রানা বলেন, রফিকুল ইসলাম রেললাইনে কাজ করার সময় দুটি ট্রেনের মাঝে পড়ে গিয়েছিলেন। এ সময় মেঘনা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে তিনি মারা যান।

পুলিশ জানায়, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত ৪ পলাতক আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরো ৩৭ শিশু হাসপাতালে ভর্তি