আইআইইউসির ১৫ শিক্ষক-কর্মকর্তা পিএইচডি করতে যাচ্ছেন মালয়েশিয়ায়

| বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:২৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ১৫ শিক্ষক ও কর্মকর্তা পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ায় (আইআইইউএম) যাচ্ছেন। আইআইইউসি ও আইআইইউএমের যৌথ উদ্যোগের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ উপলক্ষে সমপ্রতি আইআইইউসি কনফারেন্স রুমে ‘পিএইচডি ক্যান্ডিডেটস ফেয়ারওয়েল সেরিমনি’ অনুষ্ঠিত হয়েছে। আইআইইউসির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। বিশ্ববিদ্যালয়ের প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলীর সভাপতিত্বের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পাবলিকেশন (সিআরপি)-এর ডিরেক্টর ড. আজিজুল হক ছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ ও পিএইচডি অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার মান আরও এগিয়ে যাবে। ইতোমধ্যে আইআইইউসিতে প্রায় শতাধিক শিক্ষক পিএইচডি ডিগ্রিধারী রয়েছেন। এটি বিশ্ববিদ্যালয়ের মান ও র‌্যাংকিং এগিয়ে নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখছে। তিনি পিএইচডি করতে যাওয়া শিক্ষক ও কর্মকর্তাদের বিশ্ববিদ্যালয় প্রদত্ত এ সুযোগ যথাযথভাবে কাজে লাগিয়ে সফলভাবে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করার আহ্বান জানান।

উল্লেখ্য, আইআইইউসির ব্যবস্থাপনায় এবং একটি বিদেশি প্রতিষ্ঠানের অর্থায়নে এ পিএইচডি কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এ উদ্যোগের আওতায় পিএইচডি ডিগ্রি অর্জনের মোট ব্যয়ের ৫০ শতাংশ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বহন করা হবে এবং বাকি ৫০ শতাংশ শিক্ষা ঋণ হিসেবে দেওয়া হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এ ধরনের উদ্যোগকে একটি ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটি একটি চলমান প্রক্রিয়া। এর মাধ্যমে আইআইইউসির শিক্ষক ও কর্মকর্তাদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ আরও সমপ্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযে দেশে ট্রাফিক সিগনাল নেই
পরবর্তী নিবন্ধনাজিরহাট কলেজের দুই প্রবীণ শিক্ষকের বিদায় সংবর্ধনা