তোমার অবগাহনে আমি এমনভাবে নিমগ্ন যে সময় যেন সেখানে এসে থেমে যায়। বছর বদলায়, ঋতু পরিবর্তিত হয়, পৃথিবী নিজের নিয়মে এগিয়ে চলে। কিন্তু আমার মন বারবার ফিরে আসে তোমারই ছায়ার কাছে। তোমার গভীরতায় ডুব দিয়ে প্রতিদিন আমি খুঁজে ফিরি হারিয়ে যাওয়া আমার সেই রঙিন দিনগুলো, যেগুলো হয়তো সময়ের ভিড়ে কোথাও মিশে গেছে। পৃথিবী যতই বদলাক, দূরত্ব যতই বাড়ুক, আমার অবস্থান যেন তোমার ভেতরেই স্থির হয়ে থাকে। আমি তোমাকেই খুঁজে যেতে চাই আজীবন– পৃথিবীর সীমানা ছাড়িয়ে, মহাকাশের অজানা বিস্তার পেরিয়েও, এমনকি যদি আরেকটি জন্ম থেকেও থাকে, তার দিকেও। সময় যদি একদিন সব স্মৃতি, সব চিহ্ন মুছে দেয়, তবুও আমার প্রতিটি দিন বেঁচে থাকবে তোমার স্মৃতির ভেতর।
হে আমার অস্তিত্ব, হে আমার আমি– আমি প্রতিটি মুহূর্তে তোমাকেই খুঁজি। তোমার অবগাহনে নীরবে বিভোর হয়ে থাকি, আর যতবার হারিয়ে যাই, শেষ পর্যন্ত ফিরে আসি আবার তোমার কাছেই– নিরন্তর। আমার অস্তিত্বেই আমি অবগাহনে থাকি, আছি, থাকব। নিজেকে জানা জরুরি। কখনও কি নিজেকে জেনেছেন? নিজেকে জানুন।












