ফটিকছড়িতে সাইকেল পেল ৫৮ জন শিক্ষার্থী

৩৯ নারী পেল সেলাই মেশিন, ১২ ভূমিহীন পরিবারের হাতে নতুন ঘরের চাবি

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১১:৩০ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে সমতলের ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন এবং ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যদের নতুন বসতঘরের চাবি বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল চারটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

২০২৫–২০২৬ অর্থবছরের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে ৫৮ জন শিক্ষার্থীর হাতে বাইসাইকেল, ৩৯ জন নারী উপকারভোগীর হাতে সেলাই মেশিন এবং ১২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে নতুন বসতঘরের চাবি তুলে দেওয়া হয়।

এমপি সরোয়ার আলমগীর বলেন, ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন এবং শিক্ষার সুযোগ বাড়াতে সরকারের বিভিন্ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণের ফলে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। এর মাধ্যমে উপকারভোগীরা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারের আয়ে অবদান রাখতে পারবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈনুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রব এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিব আচার্য প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধইরানের ক্ষেপণাস্ত্রের নাগালে ইউরোপ পশ্চিম এশিয়ায় পারমাণবিক মহাপ্রলয়ের সতর্কবার্তা ট্রাম্পের
পরবর্তী নিবন্ধকুয়েতে দুই ইতালীয় নিহতের ঘটনায় ব্যবহৃত ড্রোন ইরানের তৈরি, দাবি ইতালির; অস্বীকার তেহরানের