আওয়ামী লীগের মতো নিপীড়ক দল হবে না বিএনপি

খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে ওয়াদুদ ভূইয়া

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১১:৪০ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। গতকাল শুক্রবার বিকেল ৫টায় শহরের টাউন হলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিংপ্রু বলেন, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো গোষ্ঠী বা ব্যক্তি যেন নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে পাহাড়ের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূইয়া বলেন, বিএনপি কখনোই স্বৈরাচারী আওয়ামী লীগের মতো নিপীড়ক রাজনৈতিক দল হবে না। গোলাপগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা সর্বোচ্চ ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করলেও প্রাণঘাতির কোনো ঘটনা ঘটেনি। পুলিশ বা বিজিবি মার খেলেও কাউকে গুলি করেনি। বিএনপি কখনো মানুষকে হত্যা করবে না। হাসিনা জুলাই আন্দোলন দমনের জন্য অন্তত ১৪শ মানুষকে হত্যা করেছে। তার ১৪শ বার ফাঁসি হওয়া উচিত। ২৫ হাজার মানুষকে পঙ্গু করে দিয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে রাঙামাটির সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো অপশক্তি যাতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিঙ্কু, আব্দুর রউফ রাজাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

পূর্ববর্তী নিবন্ধনগরবাসীর সমস্যা সমাধানে চসিকের দরজা সব সময় খোলা