নগরবাসীর সমস্যা সমাধানে চসিকের দরজা সব সময় খোলা

পাঁচলাইশে চাল বিতরণ অনুষ্ঠানে প্রশাসক

| শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১১:৩৯ পূর্বাহ্ণ

নগরবাসীর সমস্যা সমাধান, নাগরিক সেবা নিশ্চিতকরণ ও অবকাঠামোগত উন্নয়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবসময় আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরবাসীর যেকোনো সমস্যা নিয়ে তার সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ রয়েছে। নগরবাসীর জন্য তার দরজা সবসময় খোলা। তিনি বলেন, আপনাদের যেকোনো সমস্যা নিয়ে আমার সঙ্গে দেখা করতে পারবেন। এটা এমন নয় যে আমার সঙ্গে দেখা করা কঠিন। প্রতিদিনই নগরীর বিভিন্ন এলাকার মানুষ আমার সঙ্গে দেখা করছেন। আপনারা এলাকার সমস্যা ও প্রয়োজনের কথা সরাসরি আমাকে জানাবেন। বিশেষ করে যেসব সড়কের কারণে হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন, সেগুলো অতি জরুরি হিসেবে চিহ্নিত করে জানালে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা হবে।

তিনি গতকাল শুক্রবার বিকেলে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নগরীর পাঁচলাইশ ৩ নং ওয়ার্ডের মুরাদনগর মিদ্দা পাড়া মাঠে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রশাসক বলেন, চট্টগ্রাম মহানগরের ৪১টি ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মুরাদনগর এলাকায় ইতোমধ্যে আব্দুল মালেক সওদাগর সড়ক ও অলি আহমদ সওদাগর সড়কের উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। মুরাদনগর বড় কবরস্থানের আলোকসজ্জার কাজও শেষ হয়েছে। এছাড়া আব্দুল মালেক সওদাগর বাই লেন, অলি আহমদ সওদাগর বাই লেন, বড় কবরস্থানের মাঝখানের যাতায়াতের রাস্তা এবং এলাকার নালার ওপর স্ল্যাব স্থাপনের কাজ চলমান রয়েছে। সড়কবাতি, অবকাঠামোগত উন্নয়ন, নালা পরিষ্কার ও মাটি উত্তোলনের কাজও গুরুত্বের সঙ্গে করা হচ্ছে।

তিনি বলেন, নগরীর উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর করতে এলাকাভিত্তিক সমস্যা চিহ্নিত করা জরুরি। স্থানীয় বাসিন্দারা কোন সড়ক বা অবকাঠামোর কারণে বেশি দুর্ভোগে রয়েছেন, তা অগ্রাধিকার ভিত্তিতে সিটি কর্পোরেশনকে জানালে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।

নাগরিক সেবা সহজ করতে ‘আমার চট্টগ্রাম’ অ্যাপের গুরুত্ব তুলে ধরে প্রশাসক বলেন, এ অ্যাপের মাধ্যমে নগরবাসী ঘরে বসেই সিটি কর্পোরেশনের বিভিন্ন সেবা গ্রহণ এবং এলাকার সমস্যা ও অভিযোগের ছবি পাঠাতে পারবেন। সংশ্লিষ্ট কর্মীরা সরেজমিনে গিয়ে সমস্যার সমাধানে কাজ করবেন। বায়েজিদ থানা কৃষক দলের সহ সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম এ হাসান বাপ্পার পরিচালনায় এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক শামসুল আলম, জি এম আইয়ুব খান, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী, বায়েজিদ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম, মহানগর বিএনপি সাবেক সদস্য আব্দুর রহিম, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, মোরশেদুল আলম, সাইফুল ইসলাম, মফজল, মো. আলী, মো. ইউছুপ, বকতেয়ার আলম, আবছার উদ্দীন, জানে আলম সোহেল, মো. তৈয়ব, বেলাল সরদার, মো. ইলিয়াছ, আবদুল হালিম কাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের শিল্পী সমাবেশ
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগের মতো নিপীড়ক দল হবে না বিএনপি