বাংলাদেশ ফুটবল লিগে একই দিনে দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড হারের স্বাদ পেয়েছে। মুন্সীগঞ্জে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির কাছে ২–১ গোলে হেরেছে মোহামেডান। অন্যদিকে গাজীপুরে পুলিশ এফসির কাছে ৩–২ গোলে হেরেছে আবাহনী। মুন্সীগঞ্জে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় মোহামেডান। মাঝমাঠ থেকে মোজাফফর মোজাফফরভের বাড়ানো লম্বা বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে গোলকিপারকে একা পেয়ে লক্ষ্যভেদ করেন শাহরিয়ার ইমন। ১–০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মোহামেডান। দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় রহমতগঞ্জ। বিরতির পরপরই প্রিন্স ওউসুর পাস থেকে নেওয়া শটে সমতা ফেরায় তারা। ৬১ মিনিটে কুশল দেউবার ফ্রিকিক থেকে ইব্রাহিমা সেনের ব্যাকহেডে বল পেয়ে জোরালো শটে রহমতগঞ্জকে এগিয়ে দেন প্রিন্স। গোলকিপার আনিসুর রহমান জিকো ডাইভ দিয়েও বলের নাগাল পাননি। পিছিয়ে পড়ে সমতায় ফেরার চেষ্টা করে মোহামেডান। ৬৬ মিনিটে সুলেমান দিয়াবাতের হেডার ফিরিয়ে দেন রহমতগঞ্জ গোলকিপার মামুন আলিফ। ৮১ মিনিটে প্রিন্সের শট পোস্টে লেগে ফিরে এলে ব্যবধান বাড়ানোর সুযোগও নষ্ট হয় রহমতগঞ্জের। শেষ পর্যন্ত ২–১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। চলতি মৌসুমে এটাই মোহামেডানের প্রথম হার। অন্যদিকে গাজীপুরে পুলিশ এফসির বিপক্ষে পাঁচ গোলের লড়াইয়ে শেষ হাসি হেসেছে পুলিশ। প্রথমার্ধে দুই দলই গোলের জন্য চেষ্টা করলেও জালের দেখা পায়নি কেউ। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবাহনীকে ধাক্কা দেয় পুলিশ। বিরতির পর দেড় মিনিটের মাথায় রাসুল বার গোল করে দলকে এগিয়ে নেন। ৬৩ মিনিটে ডিফেন্ডার সানডের ফাউলে পাওয়া পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন স্টিফেন জুনিয়র। দুই গোলে পিছিয়ে পড়েও লড়াইয়ে ফেরার চেষ্টা করে আবাহনী। ৮৫ মিনিটে মাইকেল বাবাতুন্দের পাস থেকে বাঁ পায়ের শটে ব্যবধান কমান বদলি মিডফিল্ডার ইমতিয়াজ রায়হান।












