শাহাদাত হোসেন দীপুর দুর্দান্ত সেঞ্চুরিও কাজে এলো না। ২৩৩ রানের লক্ষ্য তাড়া করে ৫ উইকেটের জয় তুলে নিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান ‘এ’ দল।
গতকাল শুক্রবার দোহায় দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দলকে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে তারা। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ১৫ রানের মধ্যেই দুই ওপেনার সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয়কে হারায় দল। এরপর মাহিদুল ইসলাম অঙ্কন ও শাহাদাত হোসেন দীপু দলের হাল ধরেন।
অঙ্কন ৪২ ও মেহেরব খান ২৮ রান করে ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন দীপু।
শেষ পর্যন্ত ১১৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় ১০৩ রান করে অপরাজিত থাকেন তিনি। খবর বিডিনিউজের।
রিপন মণ্ডলের ১২ বলে ১৯ রানের ইনিংসে ৫০ ওভারে ৮ উইকেটে ২৩২ রান সংগ্রহ করে বাংলাদেশ।
জবাবে রিপন মণ্ডলের এক ওভারে পাকিস্তানের দুই ওপেনারকে ফিরিয়ে ম্যাচে ফেরার আশা জাগায় বাংলাদেশ। কিন্তু তৃতীয় উইকেটে হাসান নওয়াজ ও শাহজাইব খানের ১১০ রানের জুটি সেই আশা অনেকটাই শেষ করে দেয়। হাসান নওয়াজ ৬২ ও শাহজাইব খান ৫০ রান করেন।
শেষ দিকে ফারহান ইউসুফ ও আবদুল সামাদের ব্যাটে ভর করে ৪৫.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
দীপুর সেঞ্চুরি সত্ত্বেও হার নিয়ে টুর্নামেন্ট শেষ করতে হলো বাংলাদেশকে। অন্যদিকে ফাইনালে উঠেছে পাকিস্তান।












