হোয়াইট ফাউন্ডেশন: নারীর স্বাস্থ্য সুরক্ষায় নতুন দিগন্তের সূচনা

ডেইজী মউদুদ | শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১১:১৮ পূর্বাহ্ণ

আমাদের দেশে নারী স্বাস্থ্য সুরক্ষা অত্যন্ত ঝুঁকি ও বিপজ্জনক অবস্থায় রয়েছে। বিষয়টি একেবারেই নতুন নয়, সেই আদিকাল থেকেই। অর্ধ শতক ও বেশী সময়ে আমি নিজেই দেখেছি, আমাদের মায়েরা–খালারা এবং নানী দাদীরা কতই না অসচেতন ছিলেন, ছিলেন আধুনিক চিকিৎসা ব্যবস্থা থেকে যোজন–যোজন দূরত্বে। অশিক্ষা, বাল্যবিবাহ, কিশোরী স্বাস্থ্য অপরিচর্যা, ধর্মীয় কুসংস্কার আর গোঁড়ামীপূর্ণ এক সমাজব্যবস্থার কবলে পড়ে নারী স্বাস্থ্য সুরক্ষা তো দূরের কথা, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখাও ছিল এক চ্যালেঞ্জের বিষয়। তখন অল্পবয়সী নারীরা প্রতি বছরই সন্তান জন্ম দিতেন, কিন্তু উন্নত স্বাস্থ্যসেবার অভাব এবং অসচেতন থাকায় শিশুগুলোর অকালমৃত্যু হতো। উনারা ঝাড়ফুঁক, কবিরাজি, বনাজি, ভেষজ সেবন করেই কোনমতে বেঁচে ছিলেন, গর্ভকালীন ও প্রসবজনিত যে স্বাস্থ্যসেবা তা পেতেন না, আর পুষ্টিকর খাবার তো প্রশ্নই উঠেনা।

পাঠক, এতক্ষণ আমাদের দেশের স্বাস্থ্যসেবার প্রেক্ষাপট বয়ান করলাম একটি বিশেষ কারণে। এখন সেই বিষয়টির অবতারণা করবো। আমাদের দেশে নারীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সেবাদাতা এবং সেবাগ্রহীতা দুই পক্ষই রয়েছে বহুমুখী সমস্যায়। উন্নত বিশ্বের কথা বাদ দিলেও আমরা রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার যে তারতম্য তা, বিবেচনা করলেই, বুঝতে পারি এই নগরীতে মানুষ কত অসহায়, এই খাতে আমরা কতটা পিছিয়ে আছি। এমনই দুঃসময়ে “নারীর স্বাস্থ্য শুধু চিকিৎসার বিষয় নয়; এটি শিক্ষা–সচেতনতা–আত্মবিশ্বাস ও সুস্থ জীবন যাপনের সমন্বিত অধিকার”–এই স্লোগানকে প্রাধান্য দিয়েই নগরীতে যাত্রা শুরু করেছে “হোয়াইট ফাউন্ডেশন” নামের একটি নারী স্বাস্থ্য সুরক্ষা ক্লাব। ক্লাব প্রেসিডেন্ট এবং গাইনি বিশেষজ্ঞ ডা. রেশমা শারমিনের উদ্যোগে সমপ্রতি ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানটি নগরীর বিভিন্ন সেক্টরের নারীদের উপস্থিতিতেই প্রাণবন্ত হয়ে ওঠে। সচেতন নারী, সুস্থ পরিবার এবং সুন্দর সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকারে উদ্বোধনী অনুষ্ঠানে নারীর স্বাস্থ্যসেবা সুরক্ষায় বিভিন্ন সুযোগ–সুবিধা ও কর্মকাণ্ড কীভাবে প্রদান করা যায়, সেই বিষয়গুলো নিশ্চিত করা হয়। এই ফাউন্ডেশনের মাধ্যমে নারীদের স্বাস্থ্য সুরক্ষায় মোট তিনটি গুরুত্বপূর্ণ স্তরকে প্রাধান্য দিয়েই আবার তিনটি পৃথক ক্লাব গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. রেশমা শারমিন। তিনি এই তিন টি ক্লাবকে ১. হোয়াইট প্রিন্সেস, ২.হোয়াইট কুইন্স এবং ৩. হোয়াইট মমস আখ্যায়িত করে এর পর্দা উন্মোচন করেন। হোয়াইট প্রিন্সেস–এ কিশোরী ও তরুণীদের স্বাস্থ্যশিক্ষা, প্রজনন স্বাস্থ্য সচেতনতায় আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। আর হোয়াইট কুইন্স–এ মেনোপজ ও পরবর্তী জীবনে নারী সুরক্ষা, সুস্থ বার্ধক্য, পুষ্টি, শারীরিক সক্রিয়তা নিশ্চিত করবে। অন্যদিকে হোয়াইট মম’স গর্ভবতী মা ও মাতৃত্বকালীন নারীদের স্বাস্থ, পুষ্টি, মানসিক সুস্থতা ও জীবনযাপন বিষয়ে সচেতনতা তৈরি করবে। এই তিনটি ক্লাবের মাধ্যমে নারীরা নিজেদের স্বাস্থ্য সম্পর্কে জানতে পারবেন, অভিজ্ঞতা বিনিময় করবেন এবং নিজেদের স্বাস্থ্যগত সমস্যা ও প্রয়োজন নিয়ে নির্ভয়ে কথা বলার সুযোগ পাবেন। এ–প্রসঙ্গে জানতে চাইলে ক্লাবের প্রতিষ্ঠাতা ডা. রেশমা বলেন, নারীর স্বাস্থ্য ও জীবনমানের টেকসই পরিবর্তন আনতে প্রতিরোধমূলক স্বাস্থ্য সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যকে বিশেষ প্রাধান্য দিয়েই মূলত হোয়াইট ফাউন্ডেশন এর মাধ্যমে ক্লাবগুলো নারীস্বাস্থ্য সুরক্ষায় কাজ করবে। হোয়াইট ফাউন্ডেশনের শরীরচর্চা কর্মসূচির প্রধান লিড রেজিনা বোনার্ট ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ততায় নিজের অভিজ্ঞতা এবং নারীদের স্বাস্থ্য ও আত্মযত্ন নিয়ে

নিজস্ব ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, সুইজারল্যান্ড থেকে বাংলাদেশে আসার পেছনে তাঁর অন্যতম উদ্দেশ্য ছিল বাংলাদেশের কিশোরী–তরুণী নারী এবং নারী চিকিৎসকদের নিজেদের স্বাস্থ্যের যত্ন নিতে উৎসাহিত করা। তিনি উপলব্ধি করেন, বাংলাদেশের নারীদের স্বাস্থ্য সচেতনতা, নিয়মিত শরীরচর্চা ও আত্মযত্নের অভ্যাস গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি মেয়েদের জন্য নিরাপদ ও উপযুক্ত খেলাধুলার পরিবেশ বা সেইভ স্পোর্টস জোন তৈরির উপর অধিক গুরুত্বারোপ করেন। এ প্রসঙ্গে তিনি প্রতিটি স্কুলে খাদ্যাভ্যাস, পুষ্টি এবং শরীর চর্চার পৃথক ক্লাস চালুর আহ্বান জানান। তাঁর মতে, ছোটবেলা থেকে এই অভ্যাসগুলো রপ্ত হয়ে গেলেই, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ জীবন যাপনের সংস্কৃতি গড়ে তোলা সম্ভব। উদ্বোধনী পর্বশেষে বিষয়টির বিষদ আলোচনার লক্ষ্যে এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নগরীর বিভিন্ন সেক্টরের ২০ জন নারী অংশগ্রহণ করেন। তাঁরা হলেন বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক হাসিনা খান, সাবেক ডিআইজি আমেনা বেগম, চট্টগ্রাম সিএমএইচ–এর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল নাসিমা বেগম, চবি জেনেটিক ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক লায়লা খালেদা, আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক ফাহমিদা ইসলাম প্রমুখ। এছাড়াও স্বনামখ্যাত সার্জন, মেডিসিন বিশেষজ্ঞ, নেফ্রোলজিস্ট, ইউরোলজিস্ট ও এনেস্থিসিয়া বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের কার্যক্রমের সাথে যুক্ত কয়েকজন প্রেরণাদায়ী রোগীও তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। বক্তারা নারীর স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসক, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধিসহ সাধারণ নারীদের সম্মিলিত প্রয়াস এবং সম্পৃক্ততার উপর বিশেষ গুরুত্বারোপ করেন। হোয়াইট ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী অলাভজনক প্রতিষ্ঠান। গবেষণা, প্রশিক্ষণ, স্বাস্থ্য শিক্ষা, পুষ্টি, শরীরচর্চা, রোগীর ক্ষমতায়ন এবং সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে নারীর স্বাস্থ্য ও জীবন মান উন্নয়নে প্রতিষ্ঠানটি কাজ করতে অঙ্গীকারাবদ্ধ। ‘সচেতন নারী, সুস্থ পরিবার এবং সুন্দর সমাজ’ বিনির্মাণের লক্ষ্যেই এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু, সেই শুভ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমাদের নারী স্বাস্থ্য যে ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক অবস্থায় রয়েছে, তা থেকে পরিত্রাণ পেতে এই প্রতিষ্ঠান অবদান রাখবে সেই প্রত্যাশা আমরা করতেই পারি।

পূর্ববর্তী নিবন্ধনিজের বয়ানে নারীর ইতিহাস সরলা দেবীর জীবনের ঝরাপাতা