ভোরের কুচকাওয়াজ থেকে অর্ধেক আকাশের লড়াই

শ্রমবাজারে নারীর একই বহমানতা

রোকসানা বন্যা | শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

একবার খুব ভোরে আমাকে বাবার বাড়িতে যেতে হচ্ছে। ঘাটফরহাদবেগ পাড় হয়ে রিক্সা যখন ইউটার্ন নিচ্ছিল, তখন মাষ্টারপুলের দিকে চোখ পড়তেই আমি অবাক হয়ে তাকিয়েছিলাম হাজার হাজার মেয়ে একসাথে পায়ে পা মিলিয়ে চলছে। যেন কোন বাহিনীর কুচকাওয়াজ। আমি মুগ্ধ চোখে তাকিয়েই ছিলাম। এত্তো নারী কোথায় যায়। পাশেরজন বললো গার্মেন্টসে। সে দৃশ্য চোখেমুখে এখনও ভাসছে।

​সকাল সাতটার শহরটা যখন সবেমাত্র ঘুম ভাঙার প্রস্তুতি নিচ্ছে, তখন বাসস্ট্যান্ডগুলোতে তাকালে এক অন্য দৃশ্য চোখে পড়ে। কারখানার গেটে ব্যস্ত লাইন, বাসের ফুটবোর্ডে ঝুলে থাকা কিংবা রেলের কামরায় ক্লান্ত মুখের তরুণী, যাঁরা প্রতিদিন ঘর থেকে বের হন জীবিকার তাগিদে। আমাদের অর্থনীতির চাকা সচল রাখতে এই নারীদের ভূমিকা এখন আর লুকিয়ে রাখার কিছু নয়। পোশাক শিল্প থেকে শুরু করে করপোরেট অফিস, এমনকি উদ্যোক্তা হিসেবেও নারীরা আজ চারপাশ জয় করছেন। কিন্তু প্রশ্ন হলো, শ্রমবাজারে নারীর এই যে সরব উপস্থিতি, তার গভীরের চিত্রটা কেমন? কাগজে–কলমে নারীর ক্ষমতায়নের এই গল্প কি আদতে তাদের জীবনকে স্বস্তিদায়ক করতে পেরেছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বাস্তবতা?

​যদি পরিসংখ্যানের পাতার দিকে তাকাই, তবে নানা রকম আশাজানি ও হতাশার দ্বিত্ব রূপ দেখতে পাই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কিংবা বিভিন্ন অর্থনৈতিক গবেষণা সংস্থার তথ্যে মাঝেমধ্যেই দেখা যায়, শ্রমবাজারে নারীর অংশগ্রহণের হার কখনো বাড়ছে তো কখনো আবার নানা কারণে থমকে যাচ্ছে। বিশেষ করে মহামারী বা পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কাগুলো সবচেয়ে বেশি আঘাত হেনেছে প্রান্তিক ও নিম্ন আয়ের নারী শ্রমিকদের ওপর।

​এর চেয়েও বড় উদ্বেগের বিষয় হলো, উচ্চশিক্ষা শেষ করেও আমাদের অনেক তরুণী আজ কর্মসংস্থানের খোঁজে হতাশ হয়ে ঘুরে বেড়ায়। পুরুষদের তুলনায় শিক্ষিত নারীদের মধ্যে বেকারের হার যেন দিন দিন বেশি অনুভূত হয়। যে সমাজে উচ্চশিক্ষিত মেয়েদের একটি বড় অংশ শেষ পর্যন্ত গৃহকোণে ফিরে যেতে বাধ্য হন, সে সমাজকে পুরোপুরি প্রগতিশীল বলা যায় না।

বাংলাদেশে নারীর শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক কর্মকাণ্ডে কয়েক দশকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সবচেয়ে বেশি তৈরি পোশাক শিল্পে, এতে পোশাক দেশের রপ্তানি বৃদ্ধি ও অর্থনৈতিক পরিবর্তন হয়েছে। গ্রামীণ নারীরাও কৃষি,পশুপালন, ক্ষুদ্র ব্যবসা করেছেন। কিন্তু নারীর শ্রমবাজারের অংশগ্রহণের সঙ্গে তাঁদের আয়, পেশাগতের অবস্থানের সমান উন্নতি হয়নি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপে ২০০২–২০০৩ সালে নারীর শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ছিলো ২৬ দশমিক ১ শতাংশ। ২০১০ সালে যা বেড়ে ৩৬ দশমিক ১ শতাংশ হয়। সবচেয়ে বেশি ২০২২ সালে, যার হার ছিলো ৪২ দশমিক ৭ শতাংশ। সেসময়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছিলো। সামপ্রতিক সময়ে এই অগ্রগতির হার ২০২৪ সালে ৩৮ দশমিক ৪ শতাংশে নেমে আসে। নারীর কর্মসংস্থানের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো আনুষ্ঠানিক কাজের আধিক্য। বিবিএস পরিচালিত শ্রমশক্তি জরিপে কর্মরত নারীর প্রায় ৯৭ শতাংশ ছিলেন আনুষ্ঠানিক কাজে। তাঁদের অর্থনৈতিক অবদান থাকলেও নিজের আয়ের ওপর নিয়ন্ত্রণ সীমিত।

​সবচেয়ে বড় ধাক্কাটি হয়তো এসেছে আমাদের তৈরি পোশাক শিল্পে। আশির বা নব্বইয়ের দশকে এই শিল্পের গোড়াপত্তন হয়েছিল নারী শ্রমিকের হাতের জাদুতে। কিন্তু আজ চিত্র বদলাচ্ছে। কারখানায় অটোমেশন বা আধুনিক যন্ত্রের ব্যবহার বাড়ার কারণে সেখানে পুরুষকর্মীদের আধিপত্য তৈরি হয়েছে। আর নারীরা পড়ে আছেন সেই পুরনো সেলাই বা ফিনিশিং লাইনেই, যেখানে মজুরি কম আর কাজের চাপ বেশি। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার যে বিপ্লব আসছে, তাতে ডিজিটাল দক্ষতায় পিছিয়ে থাকা নারী কর্মীরা আরও বড় ঝুঁকিতে পড়তে পারেন বলে আশঙ্কা করেন বিশেষজ্ঞরা।

​তাহলে কি নারীরা পিছিয়ে পড়ছে? সরাসরি পিছিয়ে না বললেও এটা ঠিক যে, তাঁরা এক অসম প্রতিযোগিতার মুখোমুখি। এই লড়াই কেবল কর্মক্ষেত্রের নয়, বরং বহুমুখী কাঠামোগত লড়াই।

​প্রথমত, আমাদের কর্মক্ষেত্র এখনো জেন্ডার–বান্ধব হয়ে উঠতে পারেনি। প্রতিটি কর্মজীবী মায়ের মনে একটাই অদৃশ্য চাপা কান্না থাকে, আমার সন্তানটি দিনের বেলা কার কাছে আছে? মানসম্মত ও সাশ্রয়ী ‘ডে কেয়ার সেন্টার’ বা শিশুযত্ন কেন্দ্রের তীব্র অভাব অনেক নারীকে সন্তান জন্মের পর চাকরি ছাড়তে বাধ্য করে।

​দ্বিতীয়ত, যাতায়াতের নিরাপত্তা। বাসে বা ট্রেনে নারীদের যে অবর্ণনীয় কষ্টের মুখোমুখি হতে হয়, তা এক দিনে অভ্যস্ত হওয়ার বিষয় নয়। এর সাথে যুক্ত হয় মজুরি বৈষম্য। অনেক জায়গায় একই কাজ করেও পুরুষ সহকর্মীর চেয়ে নারী কর্মীটি কম পারিশ্রমিক পান। আর ঘরের ভেতরের অবৈতনিক গৃহস্থালি কাজের তো কোনো হিসাবই কোথাও করা হয় না!

​এই বাস্তবতায় দাঁড়িয়ে শুধু নারীর অগ্রগতির বুলি আওড়ালে চলবে না। নীতিনির্ধারক থেকে শুরু করে সমাজ সবাইকে একযোগে কিছু জায়গায় পরিবর্তন আনতে হবে। প্রথমত, প্রাতিষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সব খাতেই মাতৃত্বকালীন ছুটির আর্থিক নিরাপত্তা ও সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, প্রতিটি প্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার স্থাপন কেবল নিয়ম নয়, কঠোর আইনের আওতায় আনতে হবে। তৃতীয়ত, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য নারীদের তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষায় এগিয়ে দিতে হবে, যাতে ভবিষ্যতের কর্মবাজারে তারা টিকে থাকতে পারেন।

​সবশেষে একটি কথাই বলতে ইচ্ছে করে, নারীর অর্থনৈতিক স্বাধীনতা মানে কেবল চার দেওয়ালের বাইরে গিয়ে পকেটে কিছু টাকা আনা নয়। এর অর্থ হলো নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার স্বাধীনতা, সম্মানজনক কর্মপরিবেশ এবং সমাজে নিজের মেধার সঠিক মূল্যায়ন পাওয়া। আমাদের দেশের অর্ধেক আকাশকে কোণঠাসা করে রেখে তো পূর্ণাঙ্গ প্রবৃদ্ধি সম্ভব নয়। সময় এসেছে শুধু সংখ্যায় নয়, বরং শ্রমবাজারে নারীর প্রকৃত অধিকার ও সুরক্ষার বাস্তবায়ন নিশ্চিত করার।

পূর্ববর্তী নিবন্ধনারীর প্রতি সহিংসতা: দৃশ্যমান আঘাতের বাইরে যে নিপীড়ন
পরবর্তী নিবন্ধরামগড়ে অস্ত্রসহ গ্রেপ্তার ১