এইচ-১বি ভিসাধারীদের যুক্তরাষ্ট্র ছাড়তে বা চাকরি ছাড়তে বলল আইবিএম

| শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি কর্মীদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করেছে বিশ্বের অন্যতম বড় তথ্য প্রযুক্তি সংস্থা আইবিএম। সংস্থাটি তাদের কনসাল্টিং বিভাগের অধিকাংশ পদের জন্য মার্কিন ওয়ার্ক ভিসা ও গ্রিন কার্ড স্পন্সরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এতে বিপাকে পড়বেন সেখানে কাজ করা বিদেশি নাগরিকরা। তাদেরকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র ছেড়ে অন্য দেশে চলে যেতে হবে, নতুবা চাকরি ছাড়তে হবে। যদি কেউ যুক্তরাষ্ট্র ছাড়তে না চান, তাহলে তাকে আইবিএম এর চাকরি ছেড়ে দিতে হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি লিখেছে, আইবিএম এর এ সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে কাজ করা হাজার হাজার ভারতীয় পেশাজীবী নতুন করে অনিশ্চয়তায় পড়েছেন। খবর বিডিনিউজের। আইবিএমের বৃহত্তম ব্যবসা বিভাগ ‘আইবিএম কনসাল্টিং’–এ বিশ্বজুড়ে ১ লাখ ৫০ হাজারের বেশি কর্মী কাজ করেন। তবে এই সিদ্ধান্তে ঠিক কতজন কর্মী ক্ষতিগ্রস্ত হবেন বা তাদের মধ্যে কতজন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তা প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। এইচ–১বি ভিসাধারী এবং গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা কর্মীদের জন্য এ সিদ্ধান্ত বড় ধাক্কা হয়ে এসেছে। কারণ, যুক্তরাষ্ট্রে কাজের ভিসা ও স্থায়ী বসবাসের আবেদনের জন্য অধিকাংশ বিদেশি পেশাজীবীই নিয়োগদাতা প্রতিষ্ঠানের স্পন্সরশিপের ওপর নির্ভর করে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অন্য দেশে স্থানান্তরিত হতে চান কি না, তা জানানোর জন্য কর্মীদের তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। যারা বিদেশের কোনও পদে যেতে রাজি হবেন না, তাদের তিন মাসের বিদায়কালীন ভাতা দেওয়া হবে। তাদের শেষ কর্মদিবস নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর।

আইবিএম জানিয়েছে, ব্যবসার পরিবর্তনশীল চাহিদা এবং দক্ষ কর্মীর সহজলভ্যতার কারণে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, দক্ষ কর্মীর ঘাটতি মেটাতে আইবিএম এতদিন যুক্তরাষ্ট্রের উচ্চ–দক্ষতাসম্পন্ন ভিসা কর্মসূচি ব্যবহার করে আসছিল। কিন্তু বেশ কয়েক বছর ধরেই সেই চাহিদা কমছিল। তিনি বলেন, দক্ষতার সহজলভ্যতা ও গ্রাহকদের চাহিদা বদলানোর সঙ্গে সঙ্গে আমরা আইবিএম কনসাল্টিং–এর অধিকাংশ ক্ষেত্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। তবে প্রতিষ্ঠানটি তাদের সব শাখার ক্ষেত্রে ভিসা স্পন্সরশিপ বন্ধের ঘোষণা দেয়নি। সিদ্ধান্তটি কেবল আইবিএম কনসাল্টিংয়ের অধিকাংশ পদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

পূর্ববর্তী নিবন্ধরশিদ মিয়া ব্রিজের দুই পাশে সংযোগ সড়কের কাজ শুরু
পরবর্তী নিবন্ধশুক্লাম্বর দীঘি উন্নয়ন কমিটির সাধারণ সভা