রাঙামাটির রাজস্থলী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপভ্যান গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেছে। এতে খোকন দে (৪৫) নামে এক ডেলিভারিম্যান নিহত হয়েছেন। আহত হয়েছেন আমজাদ হোসেন (৬০) নামে আরেক ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে রাঙামাটি–বান্দরবান আঞ্চলিক সড়কের বাঙালহালিয়া হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আবুল খায়ের কোম্পানির দুগ্ধজাত পণ্য নিয়ে পিকআপভ্যানটি বাঙালহালিয়া থেকে রাইখালীর দিকে যাচ্ছিল। পথে হেলিপ্যাড এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় পিকআপভ্যানটি সড়কের পাশের একটি গাছে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে গাড়িটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালে নিয়ে যান।
পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক খোকন দেকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনাকবলিত পিকআপভ্যানটি জব্দ করে বাঙালহালিয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ জানান, ঘটনার পরপরই পিকআপচালককে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।











