চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দালালদের দৌরাত্ম্য কমাতে এবং এই সিন্ডিকেট চক্রের মূল হোতাদের চিহ্নিত করার জন্য কয়েকদিন ধরে নজরদারির করছিলেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি–৭) সদস্যরা। রোগী ও স্বজনদের ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বিভাগ ও চত্বরে ঘোরাঘুরি করছিলেন তারা। লক্ষ্য ছিল হাসপাতালে দালাল চিহ্নিত করা। এরপর গতকাল বৃহস্পতিবার চমেক হাসপাতালে বিশেষ অভিযান পরিচালনা করেন তারা। অভিযানে দালাল চক্রের ২০ সদস্যকে আটক করা হয়। পরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে কারাদণ্ড প্রদান করেন। গতকাল সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত চমেক হাসপাতাল এলাকায় এই অভিযান চালানো হয়।
এসআরবি–৭ জানায়, অভিযানের আগে কয়েক দিন ধরে তাদের সদস্যরা সাদাপোশাকে রোগী ও স্বজনের ছদ্মবেশে হাসপাতালে অবস্থান নিয়ে দালালদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ভিডিওসহ প্রমাণ সংগ্রহ করেন। আটক ব্যক্তিরা হাসপাতালের ভেতরে রোগী ও স্বজনদের বেড পাইয়ে দেওয়া, চিকিৎসকের সিরিয়াল নেওয়া, ওষুধ সংগ্রহ এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে অবৈধভাবে টাকা আদায়ের চেষ্টা করছিলেন।
আটকদের হাসপাতালের ভেতরের পুলিশ ফাঁড়িতে রাখা হয়। যাচাই–বাছাই শেষে সংশ্লিষ্টতা না পাওয়ায় একজন সরকারি কর্মচারীকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান এসআরবি–৭ চট্টগ্রামে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান।
ঘটনাস্থলে তিনি আরও বলেন, চমেক হাসপাতালে দালাল চক্রের সদস্যরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে কাজ করেন। কেউ রোগীদের বেড পাইয়ে দেওয়া, কেউ ওষুধ সংগ্রহ ও চিকিৎসকের সিরিয়াল নেওয়া, আবার কেউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার চেষ্টা করেন।
রোগী ও স্বজনদের উদ্দেশে এসআরবি অধিনায়ক বলেন, সরকারি এই হাসপাতালে আপনাদের বিনা মূল্যে চিকিৎসা পাওয়ার কথা। আপনারা ধৈর্য ধরবেন, কাউকে কোনো ধরনের টাকা–পয়সা দেবেন না। কোনো দালাল চক্রের কাছে যাবেন না। নিজেদের সচেতন থাকতে হবে যে আপনারা বিনা মূল্যে চিকিৎসা পাবেন।
চমেক হাসপাতালে দালাল চক্রের খপ্পরে পড়া ভুক্তভোগী মুহাম্মদ হাসান দৈনিক আজাদীকে বলেন, তার স্ত্রীর ওষুধের জন্য তিনি মেডিকেলের বাইরে আসেন। এ সময় এক অপরিচিত লোক তার হাতে থাকা প্রেসক্রিপশনটি নিয়ে একটি ফার্মেসিতে যান। সেখানে ওষুধের বিল দিতে হয় ১০ হাজার টাকা। পরে একই প্রেসক্রিপশন অন্য একটি ফার্মেসিতে নিয়ে দেখালে তিনি জানতে পারেন, ওষুধের দাম মাত্র ২ হাজার টাকা।
প্রসঙ্গত, চমেক হাসপাতালে দীর্ঘদিন ধরে দালালদের দৌরাত্ম্যের অভিযোগ রয়েছে। চিকিৎসা নিতে দূরদূরান্ত থেকে আসা রোগী ও স্বজনদের বিভিন্ন সেবা পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এর আগে একাধিকবার অভিযান চালানো হলেও কিছুদিন পর আবারও সক্রিয় হয়ে ওঠে তারা।











