ডাব বিক্রেতাকে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ৮:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) প্রধান ফটকের সামনে এক ডাব বিক্রেতাকে মারধর করে ২৪ হাজার ৪০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় পাঁচলাইশ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাহাব উদ্দিন (৫৫)। এর আগে গত ১৭ অক্টোবর মেডিকেলের কাছে পাঁচলাইশ আবাসিক এলাকার ১১ নম্বর গেট এলাকার ডাব বিক্রেতা সাইদুল হক রুবেলকে তুলে নিয়ে গিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছিল।

পাঁচলাইশ থানায় দায়ের করা এজাহারে বলা হয়েছে, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেলের প্রধান ফটকের সামনে ডাব বিক্রেতা সাহাব উদ্দিনকে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে উত্ত্যক্ত করতে থাকেন মো. ইব্রাহীম, মো. মাহমুদসহ কয়েকজন।

পরে ভোররাত ৩টার দিকে ইব্রাহীম তাঁকে লাথি মেরে ফেলে দেন। এ সময় অভিযুক্তদের সহযোগী একজন তাঁকে তুলে আবারও থাপ্পড় মেরে ফেলে দেন।

ভুক্তভোগীর অভিযোগ, এ সময় তাঁর কাছে থাকা ২৪ হাজার ৪০০ টাকা নিয়ে যান অভিযুক্তরা। তিনি চট্টগ্রাম মেডিকেলের প্রধান ফটকের সামনে ডাব বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তাঁর আয়ের ওপর পুরো পরিবার নির্ভরশীল।

এ ঘটনায় মো. ইব্রাহীম, মো. মাহমুদ ও অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে পাঁচলাইশ মডেল থানায় এজাহার দায়ের করেছেন সাহাব উদ্দিন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

পুলিশ বলেছে, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গল সলীমপুরে অপরাধীদের আশ্রয় নিতে দেওয়া হবে না: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি