‘১০ মিনিটের মধ্যে দোকান না খুললে তালা দেওয়া হবে’—চুক্তি নবায়নের সিদ্ধান্তের প্রতিবাদে দোকান বন্ধ রাখা ব্যবসায়ীদের এমন সতর্কবার্তা দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। আজ বুধবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে আদালত ভবনের পুরোনো অংশে বন্ধ দোকানগুলোর সামনে গিয়ে সমিতির এক নিরাপত্তাকর্মীকে এ ঘোষণা দিতে দেখা যায়। এরপর কিছুক্ষণের মধ্যে ব্যবসায়ীরা দোকান খুলতে শুরু করেন।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত চট্টগ্রাম আদালত ভবন এলাকায় জেলা আইনজীবী সমিতির আওতাধীন পুরোনো ভবনের অধিকাংশ দোকান বন্ধ ছিল। কয়েকটি দোকানের দরজা খোলা থাকলেও ভেতরে বেচাকেনা বন্ধ রাখেন ব্যবসায়ীরা। সমিতির পক্ষ থেকে তালা দেওয়ার ঘোষণার পর একে একে দোকান খুলতে শুরু করেন তাঁরা। দুপুরের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। দোকান বন্ধ থাকায় আদালতের কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন বলেন, দীর্ঘদিন ধরে অনেক দোকানির সঙ্গে ভাড়ার চুক্তি নবায়ন করা হয়নি। অথচ সমিতির কাছ থেকে দোকান বরাদ্দ নেওয়া মূল ভাড়াটিয়াদের অনেকে অন্যদের কাছে উপভাড়া দিয়েছেন। কেউ কেউ মূল ভাড়ার তুলনায় আট থেকে ১০ গুণ বেশি অগ্রিম অর্থ নিয়েছেন। এতে সমিতি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মঈনুদ্দীন আরও বলেন, পুরোনো সব ভাড়াটিয়াকে চুক্তি নবায়নের জন্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে নোটিশ দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে কিছু দোকানি দোকান বন্ধ রাখেন। তবে নতুন ভবনের দোকানিরা বন্ধ রাখেননি।
তিনি বলেন, অনেক দোকানের মূল ভাড়াটিয়া মারা গেছেন। এরপরও তাঁদের উত্তরসূরি বা অন্যরা উপভাড়াটিয়া হিসেবে দোকান চালাচ্ছেন। সমিতির বিধান অনুযায়ী, এভাবে উপভাড়া দেওয়ার সুযোগ নেই। কোনো দোকান কম্পিউটারের ব্যবসার জন্য বরাদ্দ হলেও সেখানে খাবারের দোকান চালানো হচ্ছে। একটি দোকান একজনের নামে বরাদ্দ থাকলেও সেটি চার-পাঁচজনের কাছে উপভাড়া দেওয়ার ঘটনাও রয়েছে।
তবে দোকানিরা বলছেন, দীর্ঘদিন ব্যবসা করার পর হঠাৎ চুক্তি নবায়নের সিদ্ধান্তে তাঁরা অনিশ্চয়তায় পড়েছেন। আইনজীবী এনেক্স ভবন-১-এর দোকানি মো. ওসমান বলেন, ‘আমরা ২০ বছর ধরে এখানে ব্যবসা করছি। তখন দুই লাখ টাকা সালামি দিয়ে দোকান বরাদ্দ নিয়েছিলাম। এখন হঠাৎ চুক্তি নবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০ বছর আগে দুই লাখ টাকা দিয়ে নেওয়া দোকান এখন ১৫ লাখ টাকা বাড়ানো হবে—এটা কীভাবে সম্ভব? আরেকটি বিষয় হলো, মূল দোকানদার মারা গেলে দোকান সমিতির কাছে ফেরত যাবে। তাহলে তাঁর পরিবারের সদস্যদের কী হবে? এসব সিদ্ধান্তের প্রতিবাদে সকালে আমরা সবাই দোকান বন্ধ রেখেছিলাম। পরে আইনজীবী সমিতির আশ্বাসে দোকান খুলে দিয়েছি। দেখা যাক, সমিতি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়।’
আরেক দোকানি আমিনুল হক বলেন, ‘সমিতি যেভাবে সিদ্ধান্ত নেবে, আমাদের তা মেনে নিতে হবে। এখানে বাইরের কেউ নেই। সিনিয়রদের সিদ্ধান্ত আমাদের মানতে হবে।’












