চট্টগ্রাম নগরের হালিশহরের নিউ মুরিং আবাসিক এলাকার একটি বাসায় বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। দগ্ধ তিনজনের অবস্থাই গুরুতর বলে জানা গেছে।
দগ্ধরা হলেন মো. আরিফ, তাঁর স্ত্রী রাশেদা বেগম ও তিন বছর বয়সী মেয়ে আরিফা বেগম। দগ্ধ তিনজনের শরীরের ৩০ থেকে ৮০ শতাংশ পুড়ে গেছে। তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে দুজনকে আইসিইউতে রাখা হয়েছে।
এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও দেখা যায়, আগুনের ঝলকের সঙ্গে বাড়ির জানালার কাচের টুকরো বাইরে এসে পড়েছে।
বিস্ফোরণ ঘটা বড়িটিতে কোনো গ্যাস সংযোগ ছিল না বলে জানা গেছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম জানিয়েছেন, বিস্ফোরণের কারণ জানতে পারেননি তারা। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সেখানে বোমা বিস্ফোরণের কোনো আলামত মেলেনি বলে জানান তিনি।
বিস্ফোরণে দগ্ধদের একজন মো. আরিফ দুই মাস আগে ওই বাড়ির একটি তলা ভাড়া নেন। মঙ্গলবার রাতে সেখানে বিকট শব্দে বিস্ফোরণ হলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে দগ্ধ তিনজনকে উদ্ধার করেন।











