জঙ্গল সলীমপুরে কোনো অবস্থাতেই নতুন করে সন্ত্রাসী ও অপরাধীদের আশ্রয় নিতে দেওয়া হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ শামসুল হক।
আজ বুধবার বিকেল ৪টার দিকে সীতাকুণ্ডের জঙ্গল সলীমপুর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ডিআইজি বলেন, “কোনো অবস্থাতেই এখানে নতুন করে সন্ত্রাস হবে, অপরাধীরা আশ্রয় নেবে, সেটা আমরা হতে দেব না। যেকোনো মূল্যে আমরা এটা ধরে রাখব।”
পরিদর্শনকালে তিনি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান কার্যক্রম এবং যোগাযোগ অবকাঠামোর উন্নয়নকাজ সরেজমিনে দেখেন।
আলী নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চবিদ্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি আরও বলেন, “আপনারা জানেন, এখানে একসময় কী অবস্থা ছিল। কিন্তু এখন সেটা নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে এলাকার মানুষজন শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছে। রাতদিন আমাদের এসআরবি, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ টহল চলছে।”
তিনি বলেন, “আমরা যা-ই করি, জনগণকে সঙ্গে নিয়েই করতে চাই। মানুষকে নিয়েই হচ্ছে আমাদের কাজ। মানুষের যাতে কোনো সমস্যা না হয়, কোনো ক্ষতি না হয়, সেটাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”












