‘বৃষ্টির মধ্যে হঠাৎ দেখি ধোঁয়া, এরপর আগুন’

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২৬ at ৩:৪৫ অপরাহ্ণ

‘রাতে বৃষ্টি হচ্ছিল বলে আমি বাড়ির একপাশে গিয়ে দাঁড়াই। দায়িত্বে থাকা তিন পুলিশ সদস্যও বৃষ্টির কারণে কিছুটা সরে দাঁড়ান। এর মধ্যে ধোঁয়া দেখতে পাই। প্রথমে মশার জন্য দেওয়া ধোঁয়া মনে করেছি। পরে আগুন দেখতে পাই। এরপর পুলিশ সদস্যদের সাহায্য নিয়ে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলি।’
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের পৈতৃক বাড়ি ‘নিরিবিলি’তে বুধবার রাতে আগুনের ঘটনার সময় দায়িত্বরত ছিলেন দারোয়ান মুহাম্মদ সায়েম খান। ঘটনার প্রত্যক্ষদর্শীও তিনি। রাতে কী ঘটেছিল জানতে চাইলে এভাবেই সেটি তুলে ধরেন তিনি।
আজ বৃহস্পতিবার সকালে নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় নিরিবিলিতে গিয়ে দেখা গেছে, হলুদ চারতলা পুরোনো দালানটির সামনে কয়েকজন পুলিশ দাঁড়ানো। ফটক দিয়ে ঢোকার পর প্রশস্ত আঙিনা। একতলার ডান পাশে একটি কক্ষের সামনে পড়েছিল পোড়া কাঠের টুকরো ও আগুন নেভানোর কাজে ব্যবহার করা ছোট একটি পানির ড্রাম। কক্ষের দরজা-জানালা সবই অক্ষত আছে। তবে আসবাববিহীন কক্ষের ভেতরে দেখা গেল পুড়ে যাওয়া একটি বই।
সায়েম খান জানালেন, রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তিনি এবং দায়িত্বরত তিন পুলিশ সদস্য আগুন নিভিয়ে ফেলেন।
সায়েম খান আজাদীকে বলেন, ঘটনাস্থলে এক লিটারের একটি বোতলে পেট্রল এবং একটি জ্যাকেট ও এক জোড়া জুতা পাওয়া গেছে। এসব আলামত পুলিশ নিয়ে গেছে। এ ঘটনার ২৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে প্রাচীর ঘেরা বাড়িটির নিচতলার একটি অংশে আগুন জ্বলতে দেখা যায়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, আগুন লাগার কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত চলছে। অগ্নিসংযোগের পেছনের উদ্দেশ্যও খতিয়ে দেখা হচ্ছে। তাঁর ভাষ্য, ভবনটির নিচতলায় কেউ থাকেন না। দ্বিতীয় ও তৃতীয় তলায় ড. ইউনূসের দুই ভাইয়ের পরিবার থাকেন। ঘটনার পর আশপাশে পুলিশি নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
ইউটিউবে ঘটনার ভিডিও দেখে আজ বাড়িটি দেখতে আসেন ড. ইউনূসের সাবেক ছাত্র শাহ নেওয়াজ। শৈশবে তিনি ড. ইউনূসের কাছে প্রাইভেট পড়তেন। দৈনিক আজাদীকে তিনি বলেন, শৈশব থেকেই এ বাড়িতে তাঁর যাতায়াত। পাঁচলাইশ আবাসিক এলাকায় এটিই ছিল প্রথম বাড়ি, তখন আশপাশে আর কোনো বাড়ি ছিল না; তাই নাম ‘নিরিবিলি’।
স্থানীয় সূত্রে জানা যায়, এই বাড়িতেই ড. ইউনূসের শৈশব ও কৈশোরের একটি বড় অংশ কেটেছে। পরিবারের আদি নিবাস হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে হলেও পাঁচলাইশের বাড়িটি দীর্ঘদিন ধরে পৈতৃক বাড়ি হিসেবে পরিচিত।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় এমপির বাড়ির অদূরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২