আমরা আপনাদের খুঁজে বের করব

দুই মার্কিন নৌ কর্মকর্তাকে ইরানের হুমকি

| মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

ইরানের মিনাব শহরের একটি স্কুলে হামলা চালিয়ে ১৬৮ শিশুকে হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে খুঁজে বের করার হুমকি দিয়েছে ইরান। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ হুমকি দেয়। আট মাস আগে ওই দুই মার্কিন কর্মকর্তাকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে করা একটি পোস্ট পুনরায় শেয়ার করে দূতাবাস এ বার্তা দিয়েছে। পুরোনো পোস্ট উদ্ধৃত করে চার শব্দের ওই বার্তায় দূতাবাস বলেছে, ‘আমরা আপনাদের খুঁজে বের করব।’ খবর বিডিনিউজের।

পোস্টে ওই দুই কর্মকর্তার নাম–পরিচয় তুলে ধরা হয়েছে। তারা হলেন, মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস স্প্রুয়ান্স’–এর কমান্ডিং অফিসার কমান্ডার লি আর টেট এবং যুদ্ধজাহাজটির এক্সিকিউটিভ অফিসার (নির্বাহী কর্মকর্তা) লেফটেন্যান্ট কমান্ডার জেফরি ই ইয়র্ক।

গত ২৯ মার্চ দেওয়া মূল পোস্টটিতে লেখা ছিল, এই দুই অপরাধীকে মনে রাখবেন। ইউএসএস স্প্রুয়ান্সের কমান্ডার লি আর টেট এবং এক্সিকিউটিভ অফিসার জেফরি ই ইয়র্ক, যারা তিনবার টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়ার নির্দেশ দিয়ে মিনাবের স্কুলে ১৬৮ জন নিষ্পাপ শিশুকে হত্যা করেছেন। শিশুহত্যার জন্য প্রকাশ্যে ওই দুজনকে অভিযুক্ত করে পোস্টে আরও লেখা হয়েছিল, তাদের নিজেদের কি কোনও সন্তান নেই?

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৩.০৮ কোটি টাকা
পরবর্তী নিবন্ধবন্দর নগরী এডেন বাঁচাতেই পিছু হটেছে ইয়েমেনি সেনারা