রাউজান সরকারি কলেজের নির্মাণসামগ্রী চুরির অভিযোগ

রাউজান প্রতিনিধি | বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ৫:৪৪ পূর্বাহ্ণ

রাউজান সরকারি কলেজের নির্মাণাধীন বহুতল ভবনের জন্য কিনে রাখা ফ্লোর টাইলস ও লোহা চুরির অভিযোগ উঠেছে। গত সোমবার বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে এলে তারা রাউজান থানা পুলিশকে জানায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কলেজসংলগ্ন একটি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরীকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

থানা ও কলেজের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্মাণাধীন ভবনের একটি তলায় ফ্লোর টাইলস ও লোহা মজুত করে রাখা হয়েছিল। সোমবার সেখান থেকে টাইলসের কয়েকটি প্যাকেট ও লোহা পাওয়া যাচ্ছে না বলে কলেজ কর্তৃপক্ষের নজরে আসে। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ তদন্ত শুরু করে।

চুরির ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে দাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী পলাশ দাশকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় বলে সূত্রের দাবি। তবে জিজ্ঞাসাবাদে পলাশ চুরির সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। তিনি টাইলসগুলো কয়েকজন ব্যক্তি মুন্সিরঘাটার ইয়াছিন শাহ ট্রেডার্স নামের একটি দোকানে রেখে গেছেন বলে তথ্য দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, পরে ওই দোকানের মালিককে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। যারা দোকানে টাইলস রেখেছেন, তাদের নাম–পরিচয় জানাবেন এমন আশ্বাসে তাকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে কলেজের শিক্ষক জহিরুল আলম জীবন নির্মাণাধীন ভবনের জন্য কেনা টাইলস চুরির ঘটনা নিশ্চিত করেন। তবে বিস্তারিত জানতে তিনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আব্বাসের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তার দুটি মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও একটি বন্ধ পাওয়া যায়। অন্য নম্বরে ফোন করা হলে তিনি সাড়া দেননি।

এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার সেকেন্ড অফিসার (্‌এসআই) তানভির বলেন, কলেজ কর্তৃপক্ষ এ ঘটনায় থানায় কোনো মামলা করেনি। আটক নৈশপ্রহরীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন বাইরে আছি। পরে জেনে জানাবো।

পূর্ববর্তী নিবন্ধ‘ধোঁয়ায় অনেক শিক্ষার্থীর শ্বাসনালী ক্ষতিগ্রস্ত’