কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খননের সময় নির্গত গ্যাসে সৃষ্ট আগুন ও পানির অনিয়ন্ত্রিত প্রবাহ ১৫ দিন ধরে অব্যাহত রয়েছে। দীর্ঘ পর্যবেক্ষণ শেষে বাপেক্সের কারগরি দল ও ভূ–তাত্ত্বিক বিশেষজ্ঞদের ধারণা, এটি সাময়িক কোনো পকেট গ্যাস নয়; বরং ঘটনাস্থলের ভূগর্ভে রয়েছে বড় ধরনের গ্যাসের রিজার্ভার বা আধার। গতকার মঙ্গলবার সকালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় ওই কূপ পরিদর্শন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ৯ সদস্যের আরেকটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল।
প্রতিনিধি দলের প্রধান ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) হাওলাদার রফিকুল ইসলাম জানান, টানা ১৫ দিন ধরে গ্যাসের প্রবাহ, চাপ ও স্থায়িত্ব পর্যবেক্ষণ করা হয়েছে। এর মূল উদ্দেশ্য ছিল নির্গত গ্যাসের প্রকৃতি, স্থায়িত্ব এবং সম্ভাব্য ধারণক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়া। তিনি বলেন, একই গতি ও চাপে গ্যাসের প্রবাহ অব্যাহত থাকায় বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ অবস্থায় অনিয়ন্ত্রিতভাবে গ্যাস জ্বলতে দেওয়া ঝুঁকিপূর্ণ। তাই প্রথম অগ্রাধিকার হিসেবে জরুরি ভিত্তিতে কূপটি নিরাপদে বন্ধ করা এবং গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, কূপটি সফলভাবে নিয়ন্ত্রণে আনার পর ভূ–তাত্ত্বিক জরিপ ও গ্যাসের বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়ের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ইনানীর ছোটখাল এলাকায় একটি পরিত্যক্ত নলকূপের গর্ত থেকে হঠাৎ গ্যাস নির্গত হতে শুরু করে। পরে গ্যাসে আগুন জ্বলে ওঠে এবং পানির প্রবাহও অব্যাহত থাকে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হলে বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পর্যবেক্ষণ শুরু করে। টানা ১৫ দিনের পর্যবেক্ষণ শেষে গতকাল বাপেক্সের প্রতিনিধি দল সরেজমিনে পরিদর্শন করে।





