চবির হীরকজয়ন্তী উদযাপনে প্রাক্তনীদের সঙ্গে মতবিনিময়

| মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬ at ৯:৩৭ পূর্বাহ্ণ

চবির ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উদযাপনকে বর্ণাঢ্য, সর্বজনীন ও স্মরণীয় করে তুলতে বিভিন্ন ব্যাচের প্রতিনিধি ও প্রাক্তন শিক্ষার্থীদের (এলামনাই) সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম চিটাগাং ক্লাব লিমিটেডের সিসি উইংয়ের এ সভা অনুষ্ঠিত হয়।

চাকসুর সাবেক ভিপি এস এম ফজলুল হকের সভাপতিত্বে এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল–ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল–আমীন এবং উপ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

সভায় বিশ্ববিদ্যালয়ের ছয় দশকের গৌরবময় পথচলা, ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা ও গবেষণায় অবদান এবং অর্জনকে স্মরণীয় করে রাখতে হীরকজয়ন্তী উদযাপনের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ আয়োজনকে উৎসবমুখর ও অর্থবহ করে তুলতে বিভিন্ন ব্যাচের প্রতিনিধি ও এলামনাইরা তাঁদের মতামত, পরামর্শ ও প্রস্তাবনা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল–ফোরকান বলেন, চবির হীরকজয়ন্তী কেবল একটি উৎসব নয়, এটি বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও অর্জনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার গুরুত্বপূর্ণ উপলক্ষ। এ আয়োজন সফল করতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি হীরকজয়ন্তী উদযাপনে এলামনাইদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপ–উপাচার্যদ্বয় হীরকজয়ন্তী উদযাপনের উদ্যোগকে স্বাগত জানান। সভাপতির বক্তব্যে এস এম ফজলুল হক বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি আমাদের আবেগ, স্মৃতি ও গৌরবের অংশ। বিশ্ববিদ্যালয়ের ছয় দশকের অর্জনকে যথাযথ মর্যাদায় উদযাপন করতে সব ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হতে হবে।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ–উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন, একরামুল করিম, চাকসুর সাবেক ভিপি মজহারুল হক শাহ চৌধুরী, চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া, চবি সিনেট সদস্য স ম নজরুল, অধ্যাপক ইউনুস চৌধুরী, মুজতবা কামাল, জাকির হোসাইন, মো. মহিউদ্দিন বাদল, অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, সালাউদ্দিন মো. রেজা, মো. আছিফ চৌধুরী, এম আর চৌধুরী মিল্টন, অ্যাডভোকেট ফেরদৌস মোরশেদ খানসহ বিভিন্ন ব্যাচের প্রতিনিধি ও বিশিষ্ট এলামনাইরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওপিএর ১৩তম পুনর্মিলনী সামনে রেখে পঞ্চম প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধমহেশখালীতে কৃষক কার্ডের অনুকূলে নগদ অর্থ বিতরণ