লোহাগাড়ায় চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬ at ৮:৫৭ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় নুরুল আলম (৫৫) নামে এক চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের পশ্চিম তৈয়বের পাড়ায় এ ঘটনা ঘটে। আহত নুরুল আলম সাতকানিয়া পৌরসভার মাইজপাড়ার এলাকার মৃত কবির আহমদের পুত্র।

জানা যায়, রোববার রাতে পশ্চিম তৈবারের পাড়া বায়তুল মামুর জামে মসজিদের উত্তর পাশে নুরুল আলমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় তার গলা ও হাতে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন ছিল। পরে আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে, খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী, থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ ও চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি মোহাম্মদ আব্দুল্লাহ জানান, গতকাল সোমবার বিকেলে অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধ৫০ লাখ টাকা আত্মসাতের মামলায় আটলান্টিক ডিস্ট্রিবিউশনের সুপারভাইজারসহ দুজন কারাগারে