চট্টগ্রাম বন্দরে অপারেটর নিয়োগে উন্মুক্ত দরপত্র বাধ্যতামূলক করার পাশাপাশি বিদেশি অপারেটর প্রবেশের পথ খুলে নতুন বিধিমালা প্রণয়ন করা হয়েছে। নতুন এই বিধিমালার মাধ্যমে বন্দরের বার্থ, টার্মিনাল ও জাহাজ হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনায় দীর্ঘদিনের প্রচলিত নিয়োগ ও পরিচালন ব্যবস্থায় বড় পরিবর্তন আনল সরকার। এখন থেকে এসব কাজের অপারেটর নিয়োগে উন্মুক্ত দরপত্র বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে সরকারের অনুমোদন নিয়ে আন্তর্জাতিক টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর জন্যও বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দরে কাজ করার সুযোগ তৈরি করা হয়েছে।
নতুন বিধিমালায় অপারেটরদের লাইসেন্স প্রদান, নিয়োগ, পরিচালনাগত দায়িত্ব, আর্থিক জামানত, শ্রমিক ব্যবস্থাপনা ও জবাবদিহিতার বিষয়গুলো সুনির্দিষ্ট করা হয়েছে। অনিয়ম, নিরাপত্তা বিঘ্নিত করা কিংবা সরকার ও বন্দর কর্তৃপক্ষের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে অপারেটরের লাইসেন্স স্থগিত বা বাতিল করার ক্ষমতাও দেওয়া হয়েছে বন্দর কর্তৃপক্ষকে।
নৌপরিবহন মন্ত্রণালয় ‘চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (বার্থ, টার্মিনাল ও শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগ) বিধিমালা, ২০২৬’ গত ৫ নভেম্বর গেজেট আকারে প্রকাশ করে। এসআরও নম্বর ৩৯৪–আইন/২০২৬–এর মাধ্যমে জারি করা এই বিধিমালাটি বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের ৫ নভেম্বরের অতিরিক্ত গেজেটে প্রকাশিত হয়। এর মাধ্যমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২–এর অধীনে অপারেটর নিয়োগ ও পরিচালনার জন্য একটি আনুষ্ঠানিক আইনি কাঠামো প্রতিষ্ঠিত হলো।
নতুন বিধিমালায় অপারেটর নিয়োগে প্রতিযোগিতামূলক দরপত্র বাধ্যতামূলক করা হয়েছে। এতদিন বন্দরের বিভিন্ন কার্যক্রমে বেসরকারি অপারেটরদের অংশগ্রহণ থাকলেও তাদের নিয়োগ ও পরিচালনার জন্য সমন্বিত গেজেটভুক্ত বিধিমালা ছিল না। নতুন নিয়মে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে যোগ্য প্রতিষ্ঠান নির্বাচন করে অপারেটর নিয়োগ দিতে হবে। এ ক্ষেত্রে সরকারি ক্রয় আইন, ২০০৬ এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫ অনুসরণ করতে হবে বলে উল্লেখ করে বলা হয়েছে ই–জিপির মাধ্যমে দরপত্র আহ্বান করা যাবে। তবে বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশ সরকারি ক্রয় কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে প্রচলিত পদ্ধতিতেও দরপত্র আহ্বান করা সম্ভব হবে।
দরপত্রে অংশগ্রহণের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অপারেটর লাইসেন্স নিতে হবে। লাইসেন্সের আবেদন যাচাই–বাছাইয়ের জন্য বন্দর কর্তৃপক্ষের একজন সদস্যের নেতৃত্বে সাত সদস্যের কমিটি থাকবে। এই কমিটিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, নৌপরিবহন মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও থাকবেন। কমিটি আবেদন যাচাই, যোগ্য প্রতিষ্ঠান বাছাই এবং প্রয়োজনে প্রতিষ্ঠানের মালিক বা অনুমোদিত প্রতিনিধির সাক্ষাৎকার নেবে। পরে সুপারিশ বন্দর চেয়ারম্যানের কাছে জমা দেওয়া হবে এবং কর্তৃপক্ষের বোর্ডের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
লাইসেন্সের আবেদনের সঙ্গে ট্রেড লাইসেন্স, আয়কর সংক্রান্ত ছাড়পত্র এবং নির্ধারিত অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক লাখ টাকা, যা ফেরতযোগ্য নয়। সফল আবেদনকারীকে বন্দর কর্তৃপক্ষের কাছে ৫০ লাখ টাকা জামানত জমা দিতে হবে। সরকার প্রয়োজনে গেজেটের মাধ্যমে এই জামানতের পরিমাণ পরিবর্তন করতে পারবে। লাইসেন্সের মেয়াদ ও নবায়নও নির্ধারিত শর্তের অধীন থাকবে।
যোগ্যতার ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর পর্যাপ্ত জনবল, আধুনিক যন্ত্রপাতি, প্রযুক্তিগত সক্ষমতা এবং কার্গো ও কন্টেনার ব্যবস্থাপনায় অভিজ্ঞতা থাকতে হবে। মালামাল ওঠানো–নামানো, সংরক্ষণ, পরিবহন ও খালাসের কাজে প্রয়োজনীয় দক্ষতা প্রমাণ করতে হবে। তবে নতুন প্রতিষ্ঠানকে বাজারে প্রবেশের সুযোগ দিতে প্রাথমিক যোগ্যতার কিছু শর্ত শিথিল করার সুযোগও রাখা হয়েছে। একাধিক প্রতিষ্ঠান যৌথভাবে আবেদন করে নির্ধারিত যোগ্যতা পূরণ করতে পারবে।
বিধিমালায় আন্তর্জাতিক টার্মিনাল অপারেটর নিয়োগের বিষয়টিও বিশেষভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারের যথাযথ অনুমোদন নিয়ে বিনিয়োগ বাংলাদেশ আইন, ২০২৬ অথবা সরকারি ক্রয় আইন ও সংশ্লিষ্ট বিধিমালা অনুসরণ করে আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া যাবে। ফলে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণের জন্য একটি স্পষ্ট আইনি ভিত্তি তৈরি হলো। তবে আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিয়োগের ক্ষেত্রে সরকারের অনুমোদন ও প্রযোজ্য আইন অনুসরণের বাধ্যবাধকতা বহাল থাকবে।
বার্থ অপারেটর, টার্মিনাল অপারেটর ও শিপ হ্যান্ডলিং অপারেটরের দায়িত্বও আলাদা করে নির্ধারণ করা হয়েছে। বার্থ অপারেটররা নির্ধারিত জেটি ও বার্থে জাহাজ থেকে পণ্য ও কন্টেনার ওঠানো–নামানো, সংরক্ষণ এবং আমদানিকারকের কাছে সরবরাহের কার্যক্রম পরিচালনা করবে। জাহাজের কাজের পরিকল্পনা, ক্রেন পরিচালনার সময়সূচি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয়ের দায়িত্বও তাদের ওপর থাকবে। অন্যদিকে শিপ হ্যান্ডলিং অপারেটররা জাহাজে পণ্য ওঠানো–নামানোর জন্য প্রয়োজনীয় শ্রমিক, কর্মচারী ও যন্ত্রপাতি সরবরাহ করবে। নোঙর করা জাহাজ এবং নির্ধারিত জেটিতে পণ্য খালাস ও বোঝাইয়ের কার্যক্রমে তাদের ভূমিকা থাকবে।
জাহাজ পরিচালনার ক্ষেত্রে কাজের বণ্টনেও নির্দিষ্ট কাঠামো রাখা হয়েছে। উপ–ট্রাফিক ম্যানেজারের নেতৃত্বে পাঁচ সদস্যের জাহাজ বরাদ্দ কমিটি শিপ হ্যান্ডলিং অপারেটরদের মধ্যে কাজ বণ্টন করবে। এতে অপারেটরদের মধ্যে কাজের বণ্টন নিয়ে অনিয়ম ও পক্ষপাতের সুযোগ কমানোর পাশাপাশি বন্দরের কার্যক্রমে সমন্বয় বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
শ্রমিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও অপারেটরদের দায়িত্ব বাড়ানো হয়েছে। প্রচলিত শ্রম আইন অনুসারে শ্রমিকদের মজুরি, মজুরি বৃদ্ধি, অন্যান্য আইনগত সুযোগ–সুবিধা এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কাজের ধরন অনুযায়ী নিরাপত্তা পোশাক ও প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করতে হবে। একই সঙ্গে ব্যবহৃত যন্ত্রপাতির নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করতে হবে। ভারী যন্ত্রপাতির সনদ প্রতি ছয় মাস এবং হালকা যন্ত্রপাতির সনদ প্রতি তিন মাস অন্তর বন্দর কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার বিধান রাখা হয়েছে।
পণ্য ওঠানো–নামানোর সময় মালামাল ক্ষতিগ্রস্ত বা হারিয়ে গেলে সংশ্লিষ্ট অপারেটরকে জাহাজ মালিক, শিপিং এজেন্ট কিংবা আমদানিকারকের কাছে দায়বদ্ধ থাকতে হবে। বন্দরের নিজস্ব সম্পত্তি, অবকাঠামো ও যন্ত্রপাতির ক্ষতি হলেও তার দায় অপারেটরদের নিতে হবে। পাশাপাশি বার্থ, জেটি ও ইয়ার্ডে পরিচালিত কার্যক্রমের জন্য বন্দর কর্তৃপক্ষের কাছে এবং জাহাজ সংক্রান্ত কাজের জন্য সংশ্লিষ্ট জাহাজ মালিক বা শিপিং এজেন্টের কাছে জবাবদিহি করতে হবে।
নতুন বিধিমালার মাধ্যমে বন্দর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়ানো হয়েছে। কর্তৃপক্ষের নিয়োগপত্র ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বন্দরের অভ্যন্তরে এসব কার্যক্রম পরিচালনা করতে পারবে না। কোনো অপারেটর সরকার বা বন্দর কর্তৃপক্ষের স্বার্থ, নিরাপত্তা কিংবা নির্ধারিত শর্তের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হলে বন্দর কর্তৃপক্ষ ওই প্রতিষ্ঠানের নিবন্ধন বা লাইসেন্স স্থগিত কিংবা বাতিল করতে পারবে।
চট্টগ্রাম বন্দরের পরিচালনা ব্যবস্থায় আন্তর্জাতিক অংশগ্রহণ যে সময় বাড়ছে, তখন নতুন বিধিমালাটি জারি হলো। নিউমুরিং, পতেঙ্গা ও লালদিয়া টার্মিনালকে ঘিরে আন্তর্জাতিক অপারেটরদের সঙ্গে চুক্তি ও পরিচালনা পরিকল্পনা দেশের বন্দর ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করেছে। দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কন্টেনার টার্মিনাল পরিচালনা নিয়ে ইতোমধ্যে চুক্তি করা হয়েছে। নতুন বিধিমালাটি স্থানীয় অপারেটরদের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর জন্যও প্রতিযোগিতামূলক ও নিয়ন্ত্রিত অংশগ্রহণ নিশ্চিত করতে তৈরি করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন।
চট্টগ্রাম বন্দরের গুরুত্ব বিবেচনায় এই পরিবর্তনের অর্থনৈতিক তাৎপর্য অনেক বলে মন্তব্য করে সূত্র বলেছে, দেশের প্রধান সমুদ্রবন্দরটি সামুদ্রিক বাণিজ্যের আমদানি–রপ্তানির প্রায় ৯২ শতাংশ এবং কন্টেনারভিত্তিক বাণিজ্যের প্রায় ৯৮ শতাংশ পরিচালনা করে। ২০২৫ সালে বন্দরটি ৩৪ লাখ ৯ হাজার ৬৯টি টিইইউস কন্টেনার, ১৩ কোটি ৮১ লাখ ৫১ হাজার ৮১২ টন কার্গো এবং ৪ হাজার ২৭৩টি জাহাজ হ্যান্ডলিং করেছে। আগের বছরের তুলনায় কন্টেনার হ্যান্ডলিং বেড়েছে ৪ দশমিক ০৭ শতাংশ, কার্গো হ্যান্ডলিং ১১ দশমিক ৪৩ শতাংশ এবং জাহাজ আগমন বেড়েছে ১০ দশমিক ৫০ শতাংশ। আমদানি–রপ্তানি বাণিজ্যের এত বড় অংশের কার্যক্রম পরিচালিত হওয়ায় বন্দরের অপারেশনাল দক্ষতা ও নিরবচ্ছিন্ন সেবা সরাসরি জাতীয় অর্থনীতির সঙ্গে যুক্ত বলেও সূত্র মন্তব্য করে।
তবে নতুন বিধিমালা নিয়ে স্থানীয় অপারেটরদের মধ্যে কিছু উদ্বেগও রয়েছে। বাংলাদেশ বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী মনে করেন, অপারেটর নির্বাচনের ক্ষেত্রে অভিজ্ঞতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শুধু আর্থিক সক্ষমতা কিংবা দরপত্রের আনুষ্ঠানিক শর্ত পূরণের ভিত্তিতে প্রতিষ্ঠান নির্বাচন করা হলে বন্দরের বিশেষায়িত কার্যক্রমে সমস্যা তৈরি হতে পারে।
একই ধরনের উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি সারওয়ার হোসেন সাগর। তিনি বলেন, অনভিজ্ঞ প্রতিষ্ঠান দায়িত্ব পেলে পণ্য ওঠানো–নামানো ও জাহাজ পরিচালনার গতি কমে যেতে পারে, যা শেষ পর্যন্ত দেশের আমদানি–রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, অপারেটরদের কার্যক্রম একটি নির্দিষ্ট নিয়ম ও কাঠামোর মধ্যে আনতেই নতুন বিধিমালা করা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২–এ এই ধরনের অপারেটর নিয়োগ ও পরিচালনার জন্য বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল। নতুন বিধিমালার মাধ্যমে সেই আইনি নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে।












